নিজস্ব প্রতিনিধি কলকাতা: রাজ্যে পাট চাষিরা এবার লাভজনক দাম পাচ্ছেন বলে দাবি রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সচিবালয়ের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, পাট চাষিরা প্রতি কুইন্টালে ১০ হাজার টাকার বেশি দাম পাচ্ছেন। কোথাও কোথাও দাম ১২ থেকে সাড়ে ১২ হাজার টাকাও রয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন এজেন্সি এবং জেলা প্রশাসনের নজরদারির ফলে এটা সম্ভব হয়েছে। এবার পাট ওঠার আগে থেকে রাজ্য কৃষিদপ্তর ও কেন্দ্রীয় সরকারি সংস্থা জুট কর্পোরেশন অব ইন্ডিয়ার (জেসিআই) মধ্যে আগাম সমন্বয়ের ব্যবস্থা করা হয়েছিল। জেসিআই চলতি মরশুমে পাট কেনার ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করেছে কুইন্টাল প্রতি ৫৯২৫ টাকা। ২০১৪ সালের তুলনায় এই দর আড়াই গুণ বেড়েছে বলে জানানো হয়েছে। পাট নিয়ে রাজ্য সরকার কী কী ব্যবস্থা নিয়েছে, তাও বিস্তারিতভাবে জানানো হয়েছে বিবৃতিতে। প্রসঙ্গত, দেশে এবার বর্ষাকালে প্রথম দিকে বৃষ্টি কম হলেও পাট চাষ স্বাভাবিক হয়েছে। রাজ্যে প্রায় ৪০ লক্ষ কৃষক পাট চাষের সঙ্গে যুক্ত।



