নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাস্টিস যশোবন্ত ভার্মার ইমপিচমেন্ট নিয়ে জলঘোলা। বিজেপি তথা মোদি সরকার কি আদৌ চায় যে, ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হোক? শনিবার কংগ্রেস এমনই প্রশ্ন তুলেছে। এব্যপারে মোদি সরকারের মনোভাবকে যথেষ্ট রহস্যময় বলে তোপ দেগেছে হাত শিবির। দলের রাজ্যসভার এমপি তথা আইনজীবী অভিষেক মনু সিংভি শনিবার বলেছেন, শুক্রবার হঠাৎ শুনলাম প্রাক্তন আইনমন্ত্রী কিরণ রিজিজু এব্যাপারে মতামত জানিয়েছেন। তাঁর ওই দীর্ঘ বিবৃতিতে বলা হয়েছে যে, রাজ্যসভায় ইমপিচমেন্ট মোশন আনার জন্য এমপিরা সম্মিলিতভাবে যে নোটিশ দিয়েছে, তা নাকি গৃহীত হয়নি। এব্যাপারে টেকনিক্যাল কারণের কথা বলা হয়েছে। সিংভি বলেছেন, রাজ্যসভায় ৬৩ জন এমপির স্বাক্ষর করা নোটিস জমা পড়েছিল। তখন প্রাক্তন চেয়ারম্যান জগদীপ ধনকার স্পষ্টভাবে সেই নোটিস পাঠ করে আইনমন্ত্রী অর্জুন মেঘওয়ালের কাছে জানতে চেয়েছিলেন যে, এই একই নোটিস কি লোকসভাতেও জমা পড়েছে? মেঘওয়াল বলেছিলেন, হ্যাঁ। তখন ধনকার স্পষ্টভাবে আইনের উল্লেখ করে কার্যত বার্তা দিয়েছিলেন, যে লোকসভায় যদি একই নোটিস জমা পড়ে, তাহলে দুই কক্ষ মিলিয়ে একটি সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ তদন্ত কমিটি গঠন করা হবে। অথচ এখন সরকার বলছে, এরকম কোনও মোশন নাকি গ্রহণই করা হয়নি। এভাবে মোদি সরকার এই বিষয়কে লঘু করে দিয়ে কার্যত কি জাস্টিস ভার্মারই সুবিধা করে দিচ্ছে না? সিংভি আরও বলেন, আসলে এনিয়ে এখনও পর্যন্ত মোদি সরকারের পক্ষ থেকে কোনও স্বচ্ছতা দেখা যাচ্ছে না। তারা কী চায়? দুর্নীতির বিরুদ্ধে তদন্তে তাদের অবস্থান কী? স্পষ্ট জানানো হোক।



