নয়াদিল্লি: ভোটার তালিকায় নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে দেশজুড়ে তীব্র তোলপাড় চলছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপিকে সুবিধা করে দিতে কোটি কোটি ভোটারের নাম তালিকা থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ তুলে সোচ্চার বিরোধীরা। বিতর্কের জল গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে অন্য দুই কমিশনারের মতবিরোধ সংক্রান্ত খবর ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জ্ঞানেশের ইস্তফার দাবিতে চলছে বিক্ষোভ। এই আবহে লক্ষ লক্ষ ভারতীয়কে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে সতর্ক করে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুয়ান। রবিবার তিনি সাফ বলেছেন, কোটি কোটি ভারতীয়র ভোটাধিকার কেড়ে নেওয়ার মতো পদক্ষেপকে কোনোভাবেই সমর্থন করা যায় না। বিচারপতি ভুয়ানের মন্তব্য, যদি কোনো প্রক্রিয়া লক্ষ লক্ষ ভারতীয় নাগরিকের ভোটাধিকার কেড়ে নেয়, তাঁদের নিজের দেশেই দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করে, তাহলে তা একান্তভাবেই স্বেচ্ছাচার ছাড়া অন্য কিছু নয়। কোনো যুক্তি বা অজুহাতেই ওই প্রক্রিয়াকে ন্যায়সঙ্গত হিসাবে প্রমাণ করা যায় না। এধরনের কাজ সংবিধানের মৌলিক ভিত্তিতেই কুঠারাঘাতের শামিল।



