Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

৮ জুন ডেডলাইন, বারাসত হাসপাতালের জমি ছাড়তে নোটিস হকার-ব্যবসায়ীদের

বারাসত সরকারি মেডিক্যাল কলেজে বেআইনি দখলদারি সরাতে ৮ জুনের মধ্যে জমি ছাড়তে নির্দেশ। রোগীদের স্বার্থে জরুরি পদক্ষেপ। বিস্তারিত জানুন।

৮ জুন ডেডলাইন, বারাসত হাসপাতালের জমি ছাড়তে নোটিস হকার-ব্যবসায়ীদের
  • ৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে দীর্ঘদিন ধরে বেআইনি দখলদারি, অস্থায়ী দোকান ও হকারদের দৌরাত্ম্য নিয়ে অভিযোগ ছিল। অবশেষে সেই দখলদারি সরাতে কড়া অবস্থান নিল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। ওইসব দোকানদার ও হকারদের এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের জারি করা নোটিশ অনুযায়ী, ৮ জুনের মধ্যে সমস্ত দোকান, অস্থায়ী কাঠামো ও মালপত্র সরিয়ে জায়গা ফাঁকা করতে হবে। এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি বা ব্যবসায়ীর কাছে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈধ চুক্তিপত্র থেকে থাকে, তবে তার কপি নিয়ে অবিলম্বে হাসপাতাল অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ওই চত্বরে কমবেশি ৫০টির মতো দোকান আছে। কারও কাছেই কোনো কাগজ নেই। এদিকে এই সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোজ হাজার হাজার রোগী, পরিজন, অ্যাম্বুল্যান্স ও জরুরি পরিষেবার যানবাহন যাতায়াত করে। রাস্তা, করিডর বা খোলা জায়গা বেআইনি ব্যবসাদারদের দখলে চলে গেলে রোগীদের চলাচলে সমস্যা তৈরি হয়। তাই এলাকা দখলমুক্ত রাখার উপর জোর দিচ্ছে কর্তৃপক্ষ। এনিয়ে মেডিক্যাল কলেজের এমএসভিপি অভিজিৎ সাহা বলেন, নোটিশে আমরা স্পষ্ট করে নির্দেশিকা দিয়েছি। এরপর পদক্ষেপ জেলা প্রশাসন নেবে। রোগীদের স্বার্থেই এই পদক্ষেপ।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ