Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

খাদ্য ভবনের ৫ তলা থেকে ঝাঁপ? গুরুতর জখম যুগ্মসচিব

মির্জা গালিব স্ট্রিটে খাদ্য ভবনের ভিতর পাঁচতলা থেকে রহস্যজনকভাবে নীচে পড়ে গেলেন কৃষিজ বিপণন দপ্তরের যুগ্মসচিব পদমর্যাদার এক আধিকারিক।

খাদ্য ভবনের ৫ তলা থেকে ঝাঁপ? গুরুতর জখম যুগ্মসচিব
  • ২ জুন, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মির্জা গালিব স্ট্রিটে খাদ্য ভবনের ভিতর পাঁচতলা থেকে রহস্যজনকভাবে নীচে পড়ে গেলেন কৃষিজ বিপণন দপ্তরের যুগ্মসচিব পদমর্যাদার এক আধিকারিক। সোমবার বেলা পৌনে এগারোটা নাগাদ এই ঘটনা ঘটেছে। ইন্দ্রদেব ভট্টাচার্য (৫১) নামে ওই আধিকারিক নীচে থাকা পুরানো আসবাব পত্র রাখার জায়গায় পড়েন। তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। সঙ্কটজনক অবস্থায় তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। তিনি দুর্ঘটনাবশত পড়ে গিয়েছেন, নাকি ঝাঁপ দিয়েছিলেন, তদন্ত করছে নিউ মার্কেট থানা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, খাদ্য ভবনের পাঁচতলায় অফিস এই যুগ্ম সচিবের। প্রতিদিনের মতো ভবানীপুরের বাড়ি থেকে বেরিয়ে সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ গাড়ি থেকে নেমে লিফটে করে অফিসে আসেন। মিনিট পাঁচেক পর তিনি চেম্বারে ব্যাগ রেখে বেরিয়ে যান। তাতে মোবাইল ছিল। কয়েক মিনিট পর ঝপ করে কিছু একটা পড়ার শব্দ পান অফিসের কর্মীরা। খাদ্য ভবনের ব্লক বি-র নীচে নিরাপত্তার দায়িত্বে থাকা অজয় দাস জানিয়েছেন, হঠাৎ নজরে আসে ইন্দ্রদেববাবু মাটিতে পড়ে গিয়েছেন। তিনি পাঁচতলার সিঁড়ির রেলিং থেকে সোজা পুরানো আসবাব রাখার জায়গায় পড়েন। প্রৌঢ়কে তুলে এনে হাসপাতালে পাঠানোর তৎপরতা শুরু হয়। ততক্ষণে উপর থেকে নেমে আসেন ইন্দ্রদেববাবুর সহকর্মীরা। ধরাধরি করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। খবর পেয়ে আসে নিউ মার্কেট থানার পুলিশ। গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখার অফিসাররা ও সায়েন্টিফিক উইংয়ের সদস্যরা আসেন ওই বিল্ডিংয়ে। 
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ইন্দ্রদেববাবু ছয়তলার ফিনান্স দপ্তরে  যাবেন বলে চেম্বার থেকে বেরন। কৃষিজ বিপণন দপ্তরের লনে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে তিনি সিঁড়ি দিয়ে উপরে উঠেছিলেন। কিন্তু তারপর ফুটেজে তাঁর পড়ার ছবি ধরা পড়েনি। পুলিশ জেনেছে, ওই আধিকারিকের নার্ভের সমস্যা ছিল। তিনি সমস্ত কাজ অত্যন্ত ধীরে করতেন। সিঁড়ির রেলিং অত্যন্ত নীচু ছিল। তদন্তকারীরা অনুমান করছেন, উপরে ওঠার সময় কোনোভাবে মাথা ঘুরে নীচে পুরানো আসবাব রাখার জায়গায় পড়েন। পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ দুর্ঘটনাবশত পড়ে যাওয়ার দিকে ইঙ্গিত করছে। কারণ ঝাঁপ দিলে যেখানে পড়ার কথা ততটা দূরে পড়েননি। পাশাপাশি ঝাঁপের বিষয়টি ভাবাচ্ছে তাঁদের। সেই কারণে মাথা ঘুরে আদৌ কি নীচে পড়া সম্ভব তা খতিয়ে দেখছেন তাঁরা। সেই কারণে ঘটনাস্থলের পুনর্নির্মাণ করানো হবে।   

সম্পর্কিত সংবাদ