ভোপাল: জ্বালানি সংকটের মোকাবিলায় দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরেই সচেতনতা প্রচারে সাইকেল চেপে আদালতে পৌঁছোলেন বিচারপতি। জ্বালানি সংকটের মুখে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতির এই উদ্যোগ বিভিন্ন মহলের প্রশংসা আদায় করে নিয়েছে। এই ঘটনার ভিডিয়ো সামনে এসেছে। তাতে সাদা শার্ট ও টুপি পরে সাইকেলে চেপে আদালত চত্বরে আসতে দেখা গিয়েছে বিচারপতি দ্বারকাধীশ বনসলকে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্যান্য আমদানিকৃত পণ্য ব্যবহারে রাশ টানার পাশাপাশি জ্বালানি সাশ্রয়েরও আরজি জানিয়েছেন। সেজন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে আমি সাইকেলে চেপে আদালতে এসেছি।’ মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব সচদেবাও সাইকেলে চড়তে পছন্দ করেন বলে জানিয়েছেন দ্বারকাধীশ। তিনি বলেন, ‘সচদেবাজির সঙ্গে আমি প্রায়ই জব্বলপুরের নানা জায়গায় ঘুরে বেড়াই। সাইকেল চালাতে খুব বেশি কষ্ট হয় না। আমার মনে হয়, কাছাকাছি দূরত্বের ক্ষেত্রে সকলেরই সাইকেল ব্যবহার করা উচিত।’ ছবি: সমাজমাধ্যম