নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্তোষ ট্রফির মূলপর্বের শুরুটা দারুণ করেছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল বাংলা। জম্মু-কাশ্মীরের পর গত ম্যাচে তেলেঙ্গানার বিরুদ্ধে সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে সঞ্জয় সেনের ছেলেরা। গ্রুপের তৃতীয় ম্যাচে বুধবার নরহরি শ্রেষ্ঠাদের প্রতিপক্ষ রাজস্থান। প্রতিটি গ্রুপের সেরা চারটি দল কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেবে। ফলে বুধবার জিতলেই শেষ আটের পথে অনেকটাই এগিয়ে যাবে বঙ্গ-ব্রিগেড। কোচ সঞ্জয় সেন অবশ্য এখনও সেসব নিয়ে ভাবতে নারাজ। বরং ম্যাচ বাই ম্যাচ এগনোই তাঁর লক্ষ্য। প্রথম দু’টি ম্যাচে দল জয় পেলেও বেশ কিছু জায়গায় ভুলত্রুটি নজরে পড়েছে বাংলা কোচের। রাজস্থান ম্যাচের আগে সেগুলো শুধরে নেওয়াই তাঁর লক্ষ্য। বললেন, ‘মণিপুরের কাছে হারলেও দারুণ লড়াই করেছে রাজস্থান। তাই আমাদের জন্য ম্যাচটা মোটেই সহজ হবে না। দল টানা দু’টি ম্যাচে জয় পেয়েছে। অবশ্যই তা ছেলেদের আত্মবিশ্বাস বাড়াবে। তবে এখনও অনেক উন্নতির জায়গা রয়েছে। বিশেষত রক্ষণে বেশ কিছু জায়গায় ফাঁকফোকর রয়েছে। সেগুলো দ্রুত শুধতে নিতে হবে। অনুশীলনে ছেলেদের সেটাই বোঝানো হয়েছে।’



