Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬

রামমন্দিরের খবর প্রকাশ্যে আনায় পুলিশি হেনস্তার শিকার সাংবাদিক

অযোধ্যার রামমন্দিরে দুর্নীতি ও প্রণামি হাতানোর খবর প্রথম যে সাংবাদিকরা সামনে এনেছিলেন, তার মধ্যে অভিষেক উপাধ্যায় অন্যতম।

রামমন্দিরের খবর প্রকাশ্যে আনায় পুলিশি হেনস্তার শিকার সাংবাদিক
  • ২২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অযোধ্যার রামমন্দিরে দুর্নীতি ও প্রণামি হাতানোর খবর প্রথম যে সাংবাদিকরা সামনে এনেছিলেন, তার মধ্যে অভিষেক উপাধ্যায় অন্যতম। এবার সেই সাংবাদিককেই পুলিশি হেনস্তার সম্মুখীন হতে হচ্ছে। ২১ আগস্ট শুক্রবার এই দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন স্বয়ং অভিষেক। তাঁর অভিযোগের তির গাজিয়াবাদ পুলিশের দিকে। সাংবাদিকের অভিযোগ, তাঁর বাড়িতে এসে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে তাঁর বিরুদ্ধে যে এফআইআরের ভিত্তিতে এই জিজ্ঞাসাবাদ চলছে, তার প্রতিলিপি এখনও পুলিশ দেখাতে পারেনি। তিনি জানতে পেরেছেন, লখনউয়ে তাঁর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, তা পুলিশ স্পষ্ট করছে না। উলটে তাঁকে এবং পরিবারের লোকজনকে হেনস্তা করা হচ্ছে। এমনকি তিনি যে আইনি প্রক্রিয়া গ্রহণ করবেন, সেই সুযোগও তাঁকে পুলিশ দেয়নি বলে দাবি করেছেন অভিষেক।  প্রথম সারির এক সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘গত ৭ জুন আমি রামমন্দিরের খবর সামনে আনি। আমি যোগী সরকারের দুর্নীতি সামনে এনেছি। সেটাই তাদের সমস্যা। হিন্দু-মুসলিম রাজনীতির আড়ালে উত্তরপ্রদেশ সরকারের নানা বিভাগে বিপুল পরিমাণ দুর্নীতি চলছে।’  অন্যদিকে পুলিশের কাছে অভিষেক এফআইআরের কপি চাইলে প্রথমে তাঁকে এফআইআরের একটি পাতা দেওয়া হয়। পরে আরও চাপ দিলে ২০২৫ সালে তাঁর প্রতিবেদনের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের কপি তাঁকে ধরিয়ে দেওয়া হয়। যদিও যে মামলার জিজ্ঞাসাবাদে পুলিশ অভিষেকের বাড়ি গিয়েছিল, তা ইন্দিরাপুরম থানায় দায়ের এক অভিযোগ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ