উৎসবে ট্রাফিক সচল রাখতে যৌথ নজরদারি
  • ১৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসবের সময় কলকাতা সহ রাজ্যে ট্রাফিক মসৃণ রাখতে, যৌথ নজরদারি চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ। বুধবার দুপুরে সল্টলেকের আরক্ষা ভবনে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের ট্রাফিকের শীর্ষকর্তাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এই বৈঠকে কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক সম্ভব জৈন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) পাণ্ডে সন্তোষ সহ রাজ্য পুলিশের এডিজি ট্রাফিক ত্রিপুরারি সহ পদস্থ কর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের সিদ্ধান্ত অনুসারে, দুর্গাপুজো থেকে গঙ্গাসাগর মেলা পর্যন্ত ডানকুনি, ঢালাই ব্রিজ, সাঁতরাগাছি, সিঁথির মোড়ের মতো কলকাতা ও রাজ্য পুলিশের সীমান্তে এই যৌথ নজরদারি চলবে। যার ভিত্তিতে ট্রাফিক ব্যবস্থা পরিচালিত হবে। কলকাতা ট্রাফিক পুলিশ ও রাজ্য পুলিশের ট্রাফিকের সমন্বয় বাড়াতে লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম এবং সল্টলেকের আরক্ষা ভবনে রাজ্য ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমে কলকাতা ও রাজ্য পুলিশের লিয়াঁজো অফিসার উপস্থিত থাকবেন। ট্রাফিকের শীর্ষকর্তাদের বিশ্বাস এই নয়া ব্যবস্থা চালু হলে দুর্গাপুজো থেকে গঙ্গাসাগর মেলা পর্যন্ত যান চলাচল আরো মসৃণ হয়ে উঠবে।

Advertisement