Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

পোস্ত চাষ রুখতে বাঘমুণ্ডিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ টহল, ড্রোন দিয়ে নজরদারি

বেআইনি পোস্ত চাষের বিরুদ্ধে ফের কড়া পদক্ষেপ পুরুলিয়া জেলা পুলিশের

পোস্ত চাষ রুখতে বাঘমুণ্ডিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ টহল, ড্রোন দিয়ে নজরদারি
  • ২৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঝালদা : বেআইনি পোস্ত চাষের বিরুদ্ধে ফের কড়া পদক্ষেপ পুরুলিয়া জেলা পুলিশের। বৃহস্পতিবার বাঘমুণ্ডি থানার অন্তর্গত হেঁসাডিহ, গিন্ধুডিহ, কুসুমটিকরি, পিতিতিরি-সহ সংলগ্ন একাধিক গ্রামে পুরুলিয়া জেলা পুলিশের সঙ্গে সিএপিএফ জওয়ানদের যৌথ টহল চালানো হয়। পাশাপাশি সন্দেহজনক এলাকাগুলিতে ড্রোন উড়িয়ে নজরদারিও চালানো হয়েছে। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন বাঘমুণ্ডি থানার আইসি-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবৈধ পোস্ত চাষের সম্ভাব্য এলাকা চিহ্নিত করা এবং মাদক সংক্রান্ত বেআইনি কার্যকলাপের উপর নজরদারি বাড়াতেই এই বিশেষ অভিযান। প্রত্যন্ত ও জঙ্গলঘেরা এলাকাগুলিতে বিস্তীর্ণ জমি সরেজমিনে নজরে আনা অনেক সময় কঠিন হয়ে পড়ে। সেই কারণে ড্রোনের সাহায্যে উপর থেকে বিভিন্ন জমি ও এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে। কোথাও অবৈধ পোস্ত চাষের সন্ধান মিললে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার লক্ষ্যেই এই নজরদারি।
উল্লেখ্য, বাঘমুণ্ডি এলাকায় আগে বিপুল পরিমাণ পোস্তর খড় উদ্ধার হয়েছিল। সেই কারণে এলাকাগুলির উপর বিশেষ নজর রয়েছে প্রশাসনের। অবৈধ পোস্ত চাষ ও মাদক সংক্রান্ত কার্যকলাপ বন্ধে ধারাবাহিক নজরদারি চালানো হচ্ছে। তবে শুধু অভিযান বা আইনি পদক্ষেপের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না প্রশাসনের উদ্যোগ। ইতিমধ্যেই বাঘমুণ্ডি থানার পুলিশ বিভিন্ন গ্রামে গিয়ে স্থানীয় বাসিন্দাদের পোস্ত চাষ নিয়ে সচেতনতার বার্তাও দিয়েছে। 
পুলিশের এই ধারাবাহিক তৎপরতার মধ্যেই এদিন ফের যৌথ টহল এবং ড্রোন নিয়ে নজরদারি চালানো হয়। হেঁসাডিহ, গিন্ধুডিহ, কুসুমটিকরি ও পিতিতিরি-সহ সংলগ্ন গ্রামগুলিতে পরিস্থিতি খতিয়ে দেখেন পুলিশ ও সিএপিএফের কর্মীরা। বিশেষ করে যেসব এলাকায় বেআইনি পোস্ত চাষের সম্ভাবনা রয়েছে, সেসব জায়গায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজন অনুযায়ী যৌথ টহল, ড্রোন নজরদারি এবং চিহ্নিত এলাকায় আইনানুগ পদক্ষেপ করা হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ