নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মরশুমে কলকাতা লিগ ছাড়া বাকি সমস্ত ডার্বিতেই চওড়া হাসি নিয়ে মাঠ ছেড়েছে মোহন বাগান। শনিবারও সেই ধারাবাহিকতা বজায় রাখল সবুজ-মেরুন ব্রিগেড। কল্যাণী স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৫ জুনিয়র লিগে ৪-২ গোলে ইস্ট বেঙ্গলকে বশ মানাল পালতোলা নৌকা। দুরন্ত হ্যাটট্রিকে ম্যাচের নায়ক রাজদীপ পাল। অপর গোলদাতা রোহিত বর্মণ। একটা সময়ে ৪-০ গোলে এগিয়ে ছিল মোহন বাগানের ছোটরা। ম্যাচের শেষ পর্বে রোমিত দাস ও শিশির সরকার দু’টি গোল শোধ করলেও শেষরক্ষা হয়নি।



