নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলের পর এবার যুব লিগেও ডার্বি জয় মোহন বাগানের। বুধবার অনূর্ধ্ব-১৭ এআইএফএফ এলিট লিগে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলকে ১-০ গোলে হারাল ডেগি কার্ডোজার ছেলেরা। ম্যাচের ৭৯ মিনিটে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে সবুজ-মেরুনের জয়ের নায়ক আদিত্য মণ্ডল। বিপক্ষের ডেরায় একাধিক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ শেখর সর্দাররা। এই জয়ের সুবাদে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ এ’তে শীর্ষস্থান ধরে রাখল মোহন বাগান। আর দ্বিতীয় স্থানে ইস্ট বেঙ্গল (৪ ম্যাচে ৯ পয়েন্ট)। উল্লেখ্য, চলতি মরশুমে অনূর্ধ্ব-১৫ ডার্বিতেও জয় পেয়েছে মোহন বাগান। স্বাভাবিকভাবেই ছোটদের এই সাফল্য উচ্ছ্বসিত সিনিয়র দলের কোচ ও ফুটবলাররা। বুধবার জামশেদপুর ম্যাচের প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনের আগে অনূর্ধ্ব-১৭ দলের ফুটবলারদের অভিনন্দন জানান হোসে মোলিনা ও জেসন কামিংস।
Advertisement
ছোটদের ডার্বি হারলেও, মেয়েদের ফুটবলে জয়ের ধারা বজায় রাখল ইস্ট বেঙ্গল। বুধবার মহিলাদের জাতীয় লিগের লড়াইয়ে ঘরের মাঠে শ্রীভূমি এফসি’কে ১-০ গোলে হারাল লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের ৭৭ মিনিটে দুরন্ত গোলে দলের জয় নিশ্চিত করেন সৌম্যা গুগুলথ। উল্লেখ্য, মহিলা লিগে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল তারা।
এদিকে, মঙ্গলবার ইস্ট বেঙ্গল অনুশীলনে যোগ দিয়েছিলেন নয়া বিদেশি রিচার্ড সেলিস। তবে বুধবার গরহাজির ছিলেন তিনি। সূত্রের খবর, কুঁচকিতে হাল্কা টান ধরায় এদিন স্ক্যান করা হয় তাঁর। তবে রিপোর্টে তেমন কিছু ধরা পড়েনি। বৃহস্পতিবার অনুশীলনে নামবেন তিনি। পাশাপাশি এদিন কিছুক্ষণ অনুশীলনের পরই একসঙ্গে মাঠ ছাড়লেন সাউল ক্রেসপো, হেক্টর ইউস্তে, রাকিপ ও লাকরা। পরে হিজাজিও বেরিয়ে যান। বাকিদের নিয়েই প্রস্তুতি সারেন কোচ অস্কার। শুক্রবার গোয়া ম্যাচ খেলতে রওনা দেবে ইস্ট বেঙ্গল। ডার্বি হারের ধাক্কা কাটিয়ে ছন্দে ফিরতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড।