Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জন্মদিনের আগে জোড়া গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর  

জন্মদিনের আগে জোড়া গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
 
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
রিয়াধ: বুধবারই ৪০ বছর পূর্ণ করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে বয়স তাঁর কাছে নিছকই সংখ্যা মাত্র। সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে আল ওয়াসলেকে চার গোলে হারাল আল নাসের। জোড়া লক্ষ্যভেদ সিআরসেভেনের। এছাড়া সৌদি ক্লাবটির হয়ে জাল কাঁপান আলি আলহাসান ও মহম্মদ আল-ফাতিল। উল্লেখ্য, ক্লাব ফুটবলে সব টুর্নামেন্ট মিলিয়ে চলতি মরশুমে ২৩টি গোল সেরে ফেললেন রোনাল্ডো। আর কেরিয়ারে সেই সংখ্যাটা এখন ৯২৩। এদিন দ্বিতীয় গোলের পর বিমান ওড়ানোর ভঙ্গিতে বিশেষ সেলিব্রেশন করতে দেখা যায় তাঁকে। সব মিলিয়ে জন্মদিনের আগে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন সিআরসেভেন।
Advertisement
ক্লাব কেরিয়ারে তাঁর সিংহভাগ কেটেছে রিয়াল মাদ্রিদে। এই পর্বে মেসির সঙ্গে রোনাল্ডোর দ্বৈরথ এল ক্লাসিকোর উত্তেজনা বাড়িয়ে দিত। তাঁদের মধ্যে সেরা কে, তা নিয়ে চর্চা আজও অব্যাহত। পর্তুগিজ মহাতারকা অবশ্য নিজেকেই এগিয়ে রাখছেন। এই প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘সেরা ফুটবলার হিসেবে অনেকেই মেসি, মারাদোনা কিংবা পেলেকে পছন্দ করেন। তাঁদের সম্মান করি। কিন্তু কমপ্লিট ফুটবলার আমিই।’ একইসঙ্গে মেসি ও তাঁর দ্বৈরথ প্রসঙ্গেও রোনাল্ডো জানান, ‘অনেকেই মেসির সঙ্গে আমার তুলনা টানেন। সেটাই স্বাভাবিক। আমরা দীর্ঘ ১৫ বছর একে অপরের বিরুদ্ধে লড়াই করেছি। তবে কখনওই আমাদের মধ্যে খারাপ সম্পর্ক ছিল না। মেসি বার্সেলোনার হয়ে ট্রফি জিততে সেরাটা মেলে ধরত। আমিও একই লক্ষ্যে মাঠে নামতাম।’
রিয়ালে থাকাকালীন এল ক্লাসিকো মহারণে প্রতিপক্ষের ডেরায় খেলাটা যে সহজ ছিল না, তা এদিন মেনে নেন রোনাল্ডো। জানান, ‘ক্যাম্প ন্যু’তে ম্যাচ সবসময় এক আলাদা মাত্রা পেত। মাঠে নামার পর থেকেই বার্সা সমর্থকরা আমায় উদ্দেশ্য করে টিটকিরি দিত, অপমান করত। আর তা ছিল আমার অনুপ্রেরণা। সত্যি বলতে, আজ সেই পরিবেশ বড্ড মিস করি।’
Advertisement
সম্পর্কিত সংবাদ