Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

জমাট রক্ষণ স্বস্তি দিচ্ছে মোলিনাকে

জমাট রক্ষণ স্বস্তি দিচ্ছে মোলিনাকে
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাহাড়ে নর্থইস্ট ইউনাইটেডের দর্পচূর্ণ করে সিংহাসন পুনরুদ্ধার করেছে মোহন বাগান। ১০ ম্যাচে হোসে মোলিনা ব্রিগেডের সংগ্রহ ২৩ পয়েন্ট। তবে আবেগের জোয়ারে ভাসতে নারাজ সবুজ-মেরুন কোচ। চলতি মাসে অনেক কঠিন লড়াই অপেক্ষা করছে। তাই গুয়াহাটি ছাড়ার আগেই কেরল ব্লাস্টার্স ম্যাচের পরিকল্পনা শুরু করে দিলেন মোলিনা। আগামী শনিবার ঘরের মাঠে মিকেল স্টারে বাহিনীর মুখোমুখি হবে মোহন বাগান। গতবার কলকাতায় এসে কামিংসদের হারিয়েছিল দক্ষিণের দলটি। ম্যাচ শেষে প্রীতম কোটালের উচ্ছ্বাসের স্মৃতি এখনও টাটকা যুবভারতীর। এবার তার মধুর প্রতিশোধের আশায় সবুজ-মেরুন সমর্থকরা। আর তাতে বাড়তি ইন্ধন জোগাচ্ছে নর্থইস্টের বিরুদ্ধে ক্লিনশিট বজায় রেখে মাঠ ছাড়ার গরিমা। এই নিয়ে ছয় ম্যাচে দুর্গ অক্ষত রাখল মোহন বাগান। শেষ ১০টি ম্যাচে তারা গোল হজম করেছে আটটি। রবিবার ম্যাচ শেষে মোলিনার বক্তব্যে ফুটে ওঠে ক্লিনশিটের আত্মবিশ্বাস। বিশাল কাইথকে ম্যাচের সেরা বর্ণনা করে তিনি বলেন, ‘দলের খেলায় আমি খুশি। দুটো গোলই হয়েছে অসাধারণ। তবে এই ম্যাচের প্রধান কাণ্ডারি বিশাল। ওর তিনটে দুরন্ত সেভ দলকে তিন পয়েন্ট এনে দিয়েছে।’ পাশাপাশি দলের ডিফেন্ডারদেরও ভূয়সী প্রশংসা করেছেন কোচ।
Advertisement
কার্ড সমস্যায় নর্থইস্ট ম্যাচে ছিলেন না শুভাশিস বসু ও আলবার্তো রডরিগেজ। তাঁদের অভাব টের পেতে দেননি দীপ্যেন্দু বিশ্বাস ও আশিক কুরুনিয়ান। আলাদাভাবে উল্লেখ করতে হবে কেরালাইট ফুটবলারের কথা। লিস্টনের সঙ্গে দুরন্ত বোঝাপড়ায় বেশ কয়েকবার ওভারল্যাপেও ওঠেন আশিক। আবার সময়মতো নীচে নেমে নির্ভরতা দেন ডিফেন্সে। তাঁর এই ফর্ম প্রথম একাদশে জায়গা পাওয়ার প্রশ্নে চাপে রাখবে সতীর্থ শুভাশিসকে। টম আলড্রেডও ছাপিয়ে গেলেন নিজেকে। পাশাপাশি আশিস রাইয়ের লক্ষ্মণরেখা টপকাতে পারেননি নর্থইস্টের সেরা ফরোয়ার্ড আলেদাইন।
শুধু রক্ষণ নয়, রবিবার মোহন বাগানের খেলায় ছিল লড়াকু মানসিকতার স্পষ্ট ছাপ। লিস্টন, মনবীরের দু’টি চোখ ধাঁধানো গোল তারই প্রতিফলন। তবে এই জয়ের মাঝেও চিন্তার কাঁটা গ্রেগ স্টুয়ার্টের ফিটনেস। বাঁ পায়ে বল মারতে এখনও সমস্যা হচ্ছে তাঁর। নর্থইস্টের বিরুদ্ধে তাই তাঁকে পরিবর্ত হিসেবে মাঠে নামান মোলিনা। কেরল ম্যাচেও প্রথম একাদশে অনিশ্চিত তিনি। তবে পরের এফসি গোয়া ম্যাচে শুরু থেকে স্কটিশ মিডিওকে মাঠে নামাতে মরিয়া মোহন বাগান থিঙ্কট্যাঙ্ক।
সম্পর্কিত সংবাদ