মেলবোর্ন: টেস্টে ২০০ উইকেটের গণ্ডি পেরলেন যশপ্রীত বুমরাহ। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের চতুর্থ দিনে ট্রাভিস হেডকে ফিরিয়ে ভারতের দ্রুততম পেসার হিসেবে এই কীর্তির অধিকারী হলেন বুমবুম। এক্ষেত্রে দুশো উইকেট পেতে কপিল দেবের লেগেছিল ৫০টি টেস্ট। সেখানে বুমরাহ মাইলস্টোন পেরলেন ৪৪ ম্যাচে। সার্বিকভাবে ভারতীয় বোলারদের মধ্যে দ্রুততম দুশো উইকেটের রেকর্ড রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের দখলে (৩৭ টেস্টে)। এই কৃতিত্বে বুমবুম স্পর্শ করলেন দ্বিতীয় দ্রুততম ভারতীয় রবীন্দ্র জাদেজাকে (৪৪ টেস্ট)।
Advertisement
তবে এর আগে বিশ্ব ক্রিকেটে কোনও বোলার ২০-র নীচে গড় বজায় রেখে ২০০ উইকেট পাননি। বুমরাহর গড় ১৯.৫৬। অর্থাৎ, ২০০ উইকেট পৌঁছতে তিনি খরচা করেছেন মোট ৩৯১২ রান। অতীতে চার হাজারের কম রান দিয়েও কেউ দুশো উইকেট নেননি। জোয়েল গার্নার এই কীর্তি গড়ার সময় তাঁর গড় ছিল ২০.৩৪। তিনি দিয়েছিলেন ৪০৬৭ রান। ৪০৭৭ রান দেওয়া শন পোলকের গড় ছিল ২০.৩৯। ম্যালকম মার্শাল (২০.৯৪), কার্টলি অ্যামব্রোজ (২০.৯৯), গ্লেন ম্যাকগ্রাথ (২১.৬৪), জেমস অ্যান্ডারসন (২৬.৪৫)— সবাই অনেক পিছিয়ে। বুমরাহর স্ট্রাইক রেটও (৪২.৪) ঈর্ষণীয়। পরিসংখ্যান বলছে, গড়ে প্রতি সাত ওভারে তিনি একটি উইকেট নিয়েছেন। এক্ষেত্রে অবশ্য তাঁর চেয়ে এগিয়ে ওয়াকার ইউনিস, ডেল স্টেইন ও কাগিসো রাবাডা। উল্লেখ্য, ভারতীয় বোলিংয়ের কাণ্ডারি বুমরাহ চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে এখনও পর্যন্ত আট ইনিংসে বুমরাহর শিকারসংখ্যা ২৯। তাঁর ধারেপাশেও কেউ নেই।



