জেপিএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ ঝাড়খণ্ড হাইকোর্টের
  • ২১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রাঁচি: সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম এবং দুর্নীতির প্রতিবাদে আন্দোলনের জেরে একাধিক সিদ্ধান্ত ঘোষণা করে ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকার। এরমধ্যে ছিল বিতর্কিত পরীক্ষাগুলি বাতিলের সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্ত নিয়ে আদালতে ধাক্কা খেল রাজ্য। সরকারি বিজ্ঞপ্তিতে ১১ থেকে ১৩তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) পরীক্ষ ও কর্মী নিয়োগ বাতিলের কথা বলা হয়েছিল। গত ৯ আগস্ট আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নির্দেশে নিয়োগ সংক্রান্ত অনিয়ম দূর করতে নিয়েছে পদক্ষেপ সরকার। পাশাপাশি নিয়োগ পরীক্ষায় একাধিক অনিয়মের অভিযোগে গত ১০ আগস্ট প্রাক্তন জেপিএসসি চেয়ারপার্সন এল খিয়াংতেকে গ্রেপ্তার করে সিআইডি। উল্লেখ্য, ছাত্র ও চাকরিপ্রার্থীদের ২৬ দিন ধরে চলা আন্দোলনের পরই পরীক্ষাগুলি বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার। নিয়োগ সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকারকে দু’মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। এরইমধ্যে হাইকোর্টের এই স্থগিতাদেশের জেরে ওই সময়ের মধ্যে নিযুক্ত কর্মচারীরা সাময়িক স্বস্তি পেলেন বলে মনে করা হচ্ছে। 

Advertisement