সংবাদদাতা, বারুইপুর: ছাত্রী যেখানে ১৪০০, সেখানে শিক্ষিকার সংখ্যা মাত্র ১৮ জন। শিক্ষিকা-সংকটে ধুঁকছে জয়নগর ইনস্টিটিউশন ফর গার্লস। জয়নগর-মজিলপুরের এই নামী স্কুলে এখন পড়াশোনা কার্যত শিকেয় উঠেছে বলে অভিযোগ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝুমা চৌধুরী বলেন, সত্যি খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। কীভাবে স্কুলে আগামী দিনে বিজ্ঞান বিভাগ চলবে জানি না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি জানিয়েছি। জয়নগর-মজিলপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে এই স্কুল। এলাকার বাসিন্দা ও প্রাক্তন প্রধান শিক্ষক শরৎচন্দ্র দত্ত ১৯৪৪ সালে এই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। ছয় জন ছাত্রী নিয়ে শুরু হয়েছিল পথচলা। শহরের প্রথম বালিকা বিদ্যালয় এটি। এখন এই স্কুল শহরের আশপাশের এলাকার মেয়েদের ভরসা। এমনকী, মন্দিরবাজার থেকেও এই স্কুলে ছাত্রীরা আসে। স্কুলের অনেক প্রাক্তন ছাত্রী সুনামের সঙ্গে বিভিন্ন জায়গায় কাজ করে বিখ্যাত হয়েছেন। স্কুল সূত্রে খবর, বর্তমানে বিজ্ঞান বিভাগে অঙ্ক ও জীবনবিজ্ঞানের শিক্ষিকা নেই। চলে পার্ট টাইম শিক্ষিকা দিয়ে। কিন্তু তাও অনিয়মিত। ২০২৭ সালে স্কুলে একজন অঙ্ক ও ভৌত বিজ্ঞানের শিক্ষিকা অবসর নেবেন। তারপরে যে কী অবস্থা হবে, সেকথা ভেবেই আতঙ্কিত শিক্ষিকারা। এছাড়া সংস্কৃত, বাংলা, শারীরশিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগেও কোনো শিক্ষিকা নেই। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে ইংরেজি শিক্ষিকাও অবসর নেবেন। স্কুলের এক শিক্ষিকা সীমা মিশ্র মুখোপাধ্যায় বলেন, কী করে স্কুল চলবে জানি না। একজন শিক্ষিকাকে অনেক বিষয়ের ক্লাস নিতে হচ্ছে। নতুন শিক্ষিকা অবিলম্বে দরকার।-নিজস্ব চিত্র



