নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: শুকনো লঙ্কা দিয়ে এক ফুটের দুর্গা ঠাকুর গড়ে চমক দিলেন সোনারপুর মহাবিদ্যালয়ের পড়ুয়া জয়মাল্য মণ্ডল। এটি তৈরি করতে প্রায় তিন মাস সময় লেগেছে তাঁর। এর আগে একবার তেজপাতা, দেশলাই কাঠি, বেলপাতা দিয়ে প্রতিমা বানিয়েছিলেন এই পড়ুয়া। এবার প্রতিমা গড়ার উপাদান শুকনো লঙ্কা। দুর্গাপুজো এলেই অনেকে উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে অভিনব দুর্গা প্রতিমা তৈরি করেন। রাজপুর সোনারপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়মাল্য তেমনই একজন। ইতিহাস নিয়ে স্নাতকস্তরে পড়াশোনা করছেন তিনি। পড়াশোনার বাইরে এই ধরনের কাজই তাঁর নেশা।
এবার কী দিয়ে প্রতিমা গড়বেন, তা নিয়ে চিন্তায় পড়েছিলেন জয়মাল্য। হঠাৎই তাঁর মাথায় আসে শুকনো লঙ্কার কথা। জয়মাল্যর কথায়, পুরোটাই আমার মস্তিষ্কপ্রসূত। এ নিয়ে আলাদা করে কোনো প্রশিক্ষণ নেইনি। এবার পরীক্ষার মধ্যেই সময় বের করে এই কাজ করেছি। ২০২৪ সালে তিনি তেজপাতা দিয়ে দুর্গা ঠাকুর বানিয়েছিলেন। গতবার বেলপাতার দুর্গা ঠাকুর গড়ে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এবারও ঠাকুর দেখতে পাড়ার লোকজন ভিড় করতে শুরু করেছেন জয়মাল্যর বাড়িতে। নিজস্ব চিত্র



