Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জল্পেশ শ্রাবণী মেলা: সপ্তাহে দু’দিন করে বন্ধ থাকবে মাছ-মাংসের দোকান

শ্রাবণী মেলা উপলক্ষে রবিবার মাছ-মাংসের দোকান বন্ধ থাকবে। মন্দির কমিটি জানিয়েছে, নিরাপত্তার ব্যবস্থা নিয়ে বিস্তারিত জানুন।

জল্পেশ শ্রাবণী মেলা: সপ্তাহে দু’দিন করে বন্ধ থাকবে মাছ-মাংসের দোকান
  • ১৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: শ্রাবণী মেলায় জল্পেশ মন্দিরে প্রথমদিন কত ভক্ত এলেন, তার রিপোর্ট দিতে হবে। বুধবার শৈবতীর্থ জল্পেশ মন্দিরে এসে মন্দির কমিটির সদস্যদের এ জানিয়ে দিয়েছেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। এদিকে, আগামী রবিবার, ১৯ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণী মেলা। বুধবার জল্পেশ মন্দির কমিটির পক্ষ থেকে মাইকিং করে ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়, শ্রাবণ মাসে যে পাঁচ সপ্তাহ মেলা চলবে সেই রবিবারগুলিতে হাট বন্ধ রাখতে হবে। তবে মন্দির কমিটি জানিয়েছে, রবিবারের পরিবর্তে সাপ্তাহিক হাট হবে শনিবার করে। অপরদিকে, রবি ও সোমবার দৈনিক বাজারে মাছ-মাংসের দোকান বন্ধ থাকবে। 

Advertisement

এদিন জল্পেশ মন্দির ছাড়াও তিস্তার ঘাট পরিদর্শন করেন আইসি। তিস্তা নদীর ঘাট বাঁশ দিয়ে ঘিরে দেওয়ার কাজ চলছে। সেই কাজে নিযুক্ত শ্রমিকদের সঙ্গে কথা বলেন তিনি। সরু বাঁশগুলি পালটে ফেলার নির্দেশ দেন আইসি। উল্লেখ্য, এবারই প্রথম শ্রাবণী মেলা উপলক্ষ্যে তিস্তার ঘাট থেকে জল নেওয়ার জন্য টিকিট কাটতে হবে না পুণ্যার্থীদের। 
ইতিমধ্যেই মন্দির আলোর মালায় সাজানোর কাজ শুরু হয়েছে। মন্দির কমিটি জানিয়েছে, জল্পেশ মন্দির থেকে জর্দা নদীর ফুট ব্রিজ পর্যন্ত এবং অপরদিকে জল্পেশ মন্দির থেকে মহামায়া কালীবাড়ি পর্যন্ত পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবার থাকছে। জল্পেশ মন্দির কমিটির সম্পাদক গীরেন্দ্রনাথ দেব বলেন, রবি ও সোমবার মাছ ও মাংসের দোকান বন্ধ থাকবে। রবিবারের পরিবর্তে শনিবার করে হাট বসবে আগামী ১৬ আগস্ট পর্যন্ত। জল্পেশ দৈনিক বাজার কমিটির সভাপতি বিভাস রায় জানিয়েছেন, গতবছরও মেলার পাঁচ সপ্তাহ রবি ও সোমবার মাছ-মাংস বিক্রি বন্ধ রাখা হয়েছিল। ব্যবসায়ীরা চাইলে দূরে কোথাও দোকান করতেই পারেন। 
ময়নাগুড়ি থানার আইসি বলেন, তিস্তা নদীর ঘাটে যথেষ্ট নিরাপত্তা থাকছে। ঘাট থেকে রেল ব্রিজ পর্যন্ত সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হচ্ছে। পর্যাপ্ত আলোও থাকবে। নদীর ঘাটে এবং জলে মোটা বাঁশ লাগাতে বলে দেওয়া হয়েছে। নদীতে বোট সহ টিউব, ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম থাকবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ