Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

শেষ ঐতিহ্যবাহী জল্পেশ শ্রাবণী মেলা, অভিযোগ ছাড়ছে না মন্দির কমিটিকে

নানা অভাব, অভিযোগের মধ্যদিয়ে শেষ হল এবছরের ময়নাগুড়ির ঐতিহ্যবাহী জল্পেশ শ্রাবণী মেলা।

শেষ ঐতিহ্যবাহী জল্পেশ শ্রাবণী মেলা, অভিযোগ ছাড়ছে না মন্দির কমিটিকে
  • ১৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: নানা অভাব, অভিযোগের মধ্যদিয়ে শেষ হল এবছরের ময়নাগুড়ির ঐতিহ্যবাহী জল্পেশ শ্রাবণী মেলা। শ্রাবণী মেলার শেষ সোমবার জল্পেশ মন্দিরে পুজো দিতে ভক্তদের ভিড় উপচে পড়ে। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা পুজো দিতে আসেন। এবছর মন্দির কমিটির বিরুদ্ধে ভক্তদের অভিযোগ ছিল মন্দির সংলগ্ন  পুকুরের অপরিচ্ছন্নতা নিয়ে। যদিও শেষ সপ্তাহে সেই পুকুর পরিষ্কার করেছে মন্দির কমিটি। অপরদিকে এবার অভিযোগ উঠেছে পানীয় জলের সমস্যা থেকে শুরু করে শৌচালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে। 

Advertisement

শ্রাবণী মেলায় জল্পেশ মন্দিরের দায়িত্বে থাকা সিভিল ডিফেন্সের পিন্টু রায় বলেন, আমরা যথেষ্ট পরিষেবা দিয়েছি।  আমরাও সঠিকভাবে জল পাইনি। জলের জন্য মন্দির কমিটিকে বারবার জানানো হয়েছে। কিন্তু এক্ষেত্রে কিছুটা অব্যবস্থা ছিল। মন্দির চত্বরের মেডিকেল ক্যাম্পে থাকা আশা কর্মী হেমলতা রায় বলেন, আমাদের মেডিকেল ক্যাম্পে পানীয় জল অত্যন্ত প্রয়োজন। কারণ রোগীরা আসছেন, ওষুধ খাচ্ছেন। জলের অভাব বরাবরই ছিল। মন্দির কমিটির পক্ষ থেকে সেভাবে পানীয় জলের ব্যবস্থা করা হয়নি। ইসলামপুর থেকে আসা উমা সাহা, বিজলী সাহারাও পানীয় জলের বিষয় নিয়ে প্রশ্ন তোলেন। শিলিগুড়ি থেকে আসা মামনি দাস, মৌমিতা রায় বলেন, আমরা অনেক দূর থেকে এসেছি। সঙ্গে বাচ্চারাও রয়েছে। শৌচালয় আসতে গেলে মন্দিরের পিছন গেট দিয়ে আসতে হয়। সেটা অনেকটাই দূরে। আমরা চাই ভক্তদের সুবিধার্থে যাবতীয় ব্যবস্থা করা হোক। শিলিগুড়ি থেকে আসা জয় কুমার মল্লিক বলেন, সোমবার প্রচুর ভিড় হয়েছে। আগে টিকিটের দাম বেশি ছিল। এবার কিন্তু ৪০ টাকা রয়েছে। ভিআইপি টিকিট নেই, সেটা ভালো লাগছে। জল্পেশ মন্দির কমিটির সম্পাদক গিরেন্দ্রনাথ দেবকে এনিয়ে প্রশ্ন করা হলে তিনি যথারীতি অস্বস্তি অনুভব করেন। তিনি বলেন, পানীয় জল নিয়ে যাঁরা অভিযোগ করছেন তাঁরা আমার  সামনে আসুন। শৌচালয়ের বিষয়টি পরবর্তীতে দেখা হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ