Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

কাটমানি চাইলে জেল, রাজ্যে   এসে হুঁশিয়ারি অমিত শাহের

কাটমানি, সিন্ডিকেট ও কমিশন নেওয়া রুখতে চালু করা হয়েছে টোল ফ্রি নম্বর। শুক্রবার শিলিগুড়িতে ন্যায়সংহিতা নিয়ে প্রদর্শনীর উদ্বোধন করে একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কাটমানি চাইলে জেল, রাজ্যে   এসে হুঁশিয়ারি অমিত শাহের
  • ২২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: কাটমানি, সিন্ডিকেট ও কমিশন নেওয়া রুখতে চালু করা হয়েছে টোল ফ্রি নম্বর। শুক্রবার শিলিগুড়িতে ন্যায়সংহিতা নিয়ে প্রদর্শনীর উদ্বোধন করে একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের রাজ্য পশ্চিমবঙ্গ। কিন্তু গত ১৫ বছর এখানে রবীন্দ্রনাথের গান শোনা যেত না। শুধু বোম ধামাকা হত। এখন আইনের শাসন চালু হয়েছে। ন্যায়সংহিতা চালু হয়েছে। 

Advertisement

একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কাটমানি, সিন্ডিকেটরাজের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, নিজেদের সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজির সাম্রাজ্য ভেঙে যাওয়ার আশঙ্কায় বিএনএস বা ন্যায়সংহিতা চালু করেনি তৃণমূল সরকার। বর্তমানে কাটমানি, সিন্ডিকেটরাজ, অবৈধ কমিশন আদায়, রোড ট্যাক্সের নামে তোলাবাজি রুখতে টোল ফ্রি নম্বর চালু করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। টোল ফ্রি নম্বর-১৫৫৩৩৪। কেউ কাটমানি চাইলে ওই নম্বরে ফোন করুন। কাটমানি চাইলে অভিযুক্তকে জেলে যেতে হবে। সিন্ডিকেটরাজ, অবৈধ কমিশন নিয়েও হবে একই ব্যবস্থা।

এদিনের সভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, সিএএ, ন্যায়সংহিতা ও সীমান্তে বিএসএফকে জমি দানের ফাইল আটকে রেখেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কোনো ফাইলেই সই করেননি। আমরা ক্ষমতায় এসে ওই ফাইলগুলি আগে ছেড়েছি। এখন থেকে রাজ্যে চালু হল বিএনএস। বিগত সরকারের জমানায় নারী নির্যাতন সহ বহু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। কিন্তু, সুবিচার কার্যকরী হয়নি। এখন নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনকারী বিচার পাবেন।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ