Bartaman Logo
২১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গ্রেপ্তার জাহাঙ্গিরের স্ত্রী, একাধিক ধারায় মামলা

ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা বিবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। বিস্তারিত পড়ুন।

গ্রেপ্তার জাহাঙ্গিরের স্ত্রী, একাধিক ধারায় মামলা
  • ২১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর অবশেষে পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের স্ত্রী রেজিনা বিবি। শুক্রবার রাতে তাঁকে বিষ্ণুপুর থানার জুলপিয়া ও উস্তি থানা এলাকার সীমানা থেকে পাকড়াও করে ডায়মন্ডহারবার পুলিশ জেলা। সূত্রের খবর, রাতে তাঁকে উস্তি থানাতেই রাখা হয়েছিল। শনিবার সকালে ডায়মন্ডহারবার আদালতে তোলা হয়। তাঁর হয়ে কোনো আইনজীবী দাঁড়াতে চাননি। এরপর লিগ্যাল এইড থেকে উকিল দেওয়া হয়। সওয়াল জবাব শেষে রেজিনাকে বিচারক তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইন সহ বেআইনি জমায়েত, পুলিশকে আক্রমণ, বিদ্বেষ ছড়ানো সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। কদিন আগে এবং শুক্রবার মুখ্যমন্ত্রী বলেছিলেন, ফলতার এক মাফিয়ার স্ত্রীর নেতৃত্বে এক দল গ্রামবাসী পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর হামলা চালানোর চেষ্টা করেছিলেন। তাঁদের গ্রেপ্তার করে রাষ্ট্র বিরোধী আইনের আওতায় এনে শিক্ষা দেওয়ার নিদান দিয়েছিলেন শুভেন্দুবাবু। তারপরই নড়েচড়ে বসে ডায়মন্ডহারবার পুলিশ জেলা। শুরু হয় জাহাঙ্গিরের স্ত্রীর খোঁজ। পুলিশ জেলার উদ্যোগে তাঁকে ধরা হয়। এদিকে, এদিনই আদালতে তোলা হয়েছিল জাহাঙ্গিরকে। এবার বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ