নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার জগন্নাথ ঘাট ফুলবাজারকে আন্তর্জাতিক মানের বাণিজ্যকেন্দ্র হিসাবে গড়ে তোলার পরিকল্পনা নিল রাজ্য সরকার। এশিয়ার বৃহত্তম এই ফুলবাজারের আধুনিকীকরণ, উন্নত বিপণন ব্যবস্থা চালু, ফুলচাষের উন্নয়ন ঘটানো সহ একাধিক বিষয় নিয়ে রূপরেখা তৈরি করতে চলেছে সরকার। সম্প্রতি এ নিয়ে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী ডঃ কল্যাণ চক্রবর্তী। সেখানে উপস্থিত ছিলেন কলকাতা বন্দরের আধিকারিকরা এবং একাধিক জনপ্রতিনিধি ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
সূত্রের খবর, বৈঠকে ফুলবাজারের উন্নয়ন, ফুল সংরক্ষণের আধুনিক ব্যবস্থা, রপ্তানিমুখী উৎপাদন ও ফুলচাষিদের আয় বৃদ্ধি সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। ঠিক হয়েছে, রপ্তানিযোগ্য ফুল চাষে বিশেষ গুরুত্ব দেবে রাজ্য। পাশাপাশি ফুলবাজারে আধুনিক মানের শীতাতপ নিয়ন্ত্রিত সংরক্ষণাগার গড়ে তোলা হবে। তা চালু হলে ফুল দীর্ঘ সময় ধরে সতেজ রাখা সম্ভব। এর ফলে উপকৃত হবে ফুলচাষি ও ব্যবসায়ীরা। তাঁরা উপযুক্ত দাম পাবেন। মন্ত্রী বৈঠকে বলেছেন, রাজ্যের ফুলচাষ এগিয়ে নিয়ে যেতে চায় সরকার। এ রাজ্যকে দেশের অন্যতম প্রধান ফুল উৎপাদক ও রপ্তানিকারক রাজ্য হিসাবে প্রতিষ্ঠা করা হবে প্রধান লক্ষ্য।
সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ফুলচাষি ও ফুল ব্যবসায়ীদের একাংশ। মঙ্গলবার তাঁরা বলেন, দীর্ঘদিন ফুলবাজার অনাদরে পড়ে। সরকার যে পদক্ষেপ করেছে তা সাধুবাদযোগ্য। ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের বক্তব্য, ‘এর আগের দুই সরকারই ফুলবাজার নিয়ে উন্নয়নের কথা বলেছিল। কিন্তু কাজের কাজ কিছু করেনি। এবার এই উদ্যোগ নেওয়া হচ্ছে তা সন্তোষের বিষয়।