বিশাখাপত্তনম, ২৭ জুন: আদালতে বড়সড় স্বস্তি পেলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। কনভয়েতে থাকা গাড়ির ধাক্কায় দলীয় কর্মীর মৃত্যুর মামলায় আজ, শুক্রবার তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। গত ১৮ জুন অন্ধ্রপ্রদেশের গুন্টুরে সভা করতে যাচ্ছিলেন ওয়াই এস আর কংগ্রেসের প্রধান জগন্মোহন রেড্ডি। পুলিসের তরফে কড়া নির্দেশ ছিল জনসভায় তিনটির বেশি গাড়ি নিয়ে যাওয়া যাবে না। যদিও পুলিসের সেই নির্দেশ উড়িয়ে প্রচুর গাড়ি নিয়ে জনসভার দিকে গিয়েছিলেন জগন্মোহন। এমনটাই অভিযোগ ছিল। দলীয় কর্মীরা তাঁকে দেখার জন্য রাস্তার দু’ধারে ভিড় করেছিলেন। তখনই ধাক্কাধাক্কিতে জগন্মোহনের কনভয়ের সামনে পড়ে যান ৫৪ বছরের দলীয় কর্মী চেলি সিংহাইয়া। অভিযোগ, সেই কনভয়ে থাকা একটি গাড়ি ওই ব্যক্তির উপর দিয়ে চলে যায়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে তাঁকে ভর্তি করলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।



