Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

দলের জয়ে অবদান রেখে তৃপ্ত জাড্ডু

পুরানো চাল ভাতে বাড়ে। আবারও দেখালেন রবীন্দ্র জাদেজা। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের জয়ে বড় ভূমিকা রয়েছে অভিজ্ঞ অলরাউন্ডারের।

দলের জয়ে অবদান রেখে তৃপ্ত জাড্ডু
  • ২৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পুরানো চাল ভাতে বাড়ে। আবারও দেখালেন রবীন্দ্র জাদেজা। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের জয়ে বড় ভূমিকা রয়েছে অভিজ্ঞ অলরাউন্ডারের। ২৯ বলে তাঁর ৪৩ রানের ইনিংস পরিস্থিতির বিচারে টার্নিং পয়েন্ট। বল হাতেও মোক্ষম সময়ে নিকোলাস পুরানকে আউট করেছেন তিনি। ম্যাচের পর ‘স্যার’ জাদেজার মন্তব্য, ‘ইনিংসের শেষ বল পর্যন্ত ক্রিজে থাকতে চেয়েছিলাম। সেট হওয়ার পর উইকেট ছুড়ে দিলে আপশোস হত। চাপের মুহূর্তে পার্টনারশিপ প্রয়োজন ছিল। সেদিকেই নজর দিয়েছি।’ কথাবর্তায় পরিষ্কার, বয়স বাড়লেও জাদেজার ম্যাচ জেতানোর খিদে আছে একইরকম। চলতি মরশুমে চেন্নাই সুপার কিংস থেকে রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছেন জাড্ডু। তাঁর যোগদান শক্তি অনেকটাই বাড়িয়েছে রাজস্থানের। প্রয়োজনে লোয়ার মিডল অর্ডারে ভরসা দিচ্ছেন বাঁ হাতি অলরাউন্ডার। তবে বোলার জাদেজাকে কিছুটা তুলোয় মুড়ে রেখেছে রাজস্থান ম্যানেজমেন্ট। এমনকী পুরো ৪ ওভারের কোটাও মাঝেমধ্যে অসম্পূর্ণ থাকছে। তবে প্রকৃত টিম ম্যানের মতোই থিঙ্কট্যাঙ্কের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন অভিজ্ঞ ক্রিকেটার। তাঁর মন্তব্য, ‘যাবতীয় ইগো হোটেলের ঘরে জমা রেখে মাঠে নামি। দলের জয়ই শেষ কথা। এখানে ব্যক্তিগত ইচ্ছা, অনিচ্ছার কোনো দাম নেই।’

Advertisement

অন্যদিকে, ক্যাপ্টেন ঋষভ পন্থকে নিয়ে ঘোর অস্বস্তিতে লখনউ সুপার জায়ান্টস। গতবারের মতো চলতি আসরেও একেবারেই ফ্যাকাসে তিনি। বড় রান পাচ্ছেন না কিছুতেই। ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের মন্তব্য, ‘পন্থকে নিয়ে নতুনভাবে বিশ্লেষণের কিছু নেই। ব্যর্থতা নিতান্তই সাময়িক। ও লড়াকু ক্রিকেটার। জানে, কীভাবে রান ফিরতে হয়।’

Advertisement
সম্পর্কিত সংবাদ