Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গাড়িতে মহিলা সিভিককে যৌন হেনস্তার অভিযোগ, রাতারাতি বদলি যাদবপুরের ওসি

নিজের থানার এক মহিলা সিভিক ভলান্টিয়ারকে কর্তব্যরত অবস্থায় যৌন হেনস্তার অভিযোগ উঠল যাদবপুর থানার ওসি অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে।

গাড়িতে মহিলা সিভিককে যৌন হেনস্তার অভিযোগ, রাতারাতি বদলি যাদবপুরের ওসি
  • ৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিজের থানার এক মহিলা সিভিক ভলান্টিয়ারকে কর্তব্যরত অবস্থায় যৌন হেনস্তার অভিযোগ উঠল যাদবপুর থানার ওসি অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে। এরপর রাতারাতি বদলি করে দেওয়া হয়েছে ওই ওসি-কে। মহিলা সিভিকের অভিযোগ, যাদবপুর থানার গাড়িতেই ঘটনাটি ঘটে। অভিযোগ গুরুতর হওয়ায় রবিবারই বদলি করা হয় তাঁকে। বিধানসভা ভোটের মুখে খাস কলকাতায় এভাবে একটি থানার ওসি বদলি কার্যত নজিরবিহীন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

Advertisement

যদিও সরকারি আর পাঁচটা বদলির নির্দেশিকার মতো বাঁধা গতেই লেখা হয়েছে এই অর্ডারও। স্বভাবতই সেখানে ওসি-কে সরিয়ে দেওয়ার কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে এ বিষয়ে কলকাতা পুলিশের ডিসি (এসএসডি) চারু শর্মার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা ওসির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। সুপ্রিম কোর্টের বিশাখা গাইড লাইন মেনে সেই অভিযোগের তদন্ত  শুরু করছে ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি বা আইসিসি। রিপোর্ট পেলে আইন মেনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’ মহিলা সিভিকের অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানতে যাদবপুর থানার বিদায়ী ওসিকে হোয়াটসঅ্যাপ এবং টেক্সট মেসেজ পাঠানো হলেও কোনো উত্তর আসেনি।
কলকাতা পুলিশ সূত্রে খবর, দিন তিনেক আগে ঘটনার সূত্রপাত। নাইট রাউন্ডে যাওয়ার জন্য অভিযুক্ত ওসি থানার এক মহিলা সিভিককে তাঁর সরকারি গাড়িতে ওঠার নির্দেশ দেন। অভিযোগ, তাঁকে পাশে বসার জন্য রীতিমতো জোর করেন ওসি। এরপর সিভিককে নিয়ে দক্ষিণ কলকাতার একটি বারে ঢোকেন তিনি। সেখানে মদ্যপান করেন। মহিলা সিভিককেও তিনি মদ্যপানের জন্য জোরাজুরি করতে থাকেন বলে অভিযোগ। সিভিক মদ্যপান না করে বার থেকে কোনোমতে বেরিয়ে আসেন। অভিযোগ, এরপর মদ্যপ অবস্থায় গাড়ির মধ্যে ওসি মহিলা সিভিককে যৌন হেনস্তা করেন। পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে দেখে ওই মহিলা থানার কয়েকজন অফিসারকে ফোন করে সাহায্য চান। কিন্তু লাভ হয়নি। তেমন সাহায্য মিলবে না আঁচ করে তিনি শেষ পর্যন্ত কলকাতা পুলিশের ‘১০০ ডায়ালে’ ফোন করে সাহায্য চান।
লালবাজার কন্ট্রোল রুম থেকে বিষয়টি তখনই যাদবপুর ডিভিশনের ডিসি চারু শর্মার নজরে আনা হয়। তড়িঘড়ি সিভিককে উদ্ধার করে ডিআরও-তে নিয়ে আসা হয়। সেখানে ডিসি নিজে কথা বলেন তাঁর সঙ্গে। এরপর ডিসি যাদবপুর থানায় কর্মরত আরও কয়েকজন মহিলা পুলিশকর্মীর সঙ্গেও কথা বলেন। মহিলা সিভিক লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে ইতিমধ্যে ‘এনকোয়ারি’ শুরু করেছে কলকাতা পুলিশ। নিরপেক্ষ তদন্তের স্বার্থে তড়িঘড়ি সরিয়ে দেওয়া হয় অভিযুক্ত ওসিকে। সোমবার দুপুরে যাদবপুর থানার নতুন ওসি হিসাবে কাজে যোগ দিয়েছেন সুব্রত সরকার।
চারদিন পর ঘটা করে পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস। দিনতিনেক আগে কলকাতা পুলিশ শ্যামবাজার সহ শহরের পাঁচ জায়গায় কর্মরত মহিলাদের সাহায্য করতে মহিলা পুলিশ পরিচালিত ‘পিঙ্ক বুথ’ চালু করেছে। এমনকি, রাতের শহরে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ‘শাইনিং’ নামে টহলদারি ভ্যানও চালু হয়েছে। এর মধ্যে যাদবপুরের এই ঘটনা কলকাতা পুলিশকেই অস্বস্তিতে ফেলে দিল! 

Advertisement
সম্পর্কিত সংবাদ