নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার যাদবপুরে বহিরাগতদের হামলার ইস্যুতে সরব হলেন কাজি মাসুম আখতার। তিনি বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কাউন্সিলের রাজ্যপাল তথা আচার্য (সি ভি আনন্দ বোস) মনোনীত সদস্য। এদিন তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের সম্পত্তি। সেখানে যাঁরা পড়াশোনা করেন, তাঁরাই নিজেদের বিষয় মেটাবেন। বহিরাগতদের সেখানে কোনো এক্তিয়ার নেই। গেরুয়া রং যদিও কারও কেনা সম্পত্তি নয়। তা সত্ত্বেও গেরুয়া ঝান্ডা নিয়ে যাঁরা তাণ্ডব চালিয়েছিলেন, তাঁদের গেরুয়া রঙের অবমাননার দায় নিতে হবে। এদিন প্রশ্ন তোলেন, সেদিন কোথায় ছিলেন এই তথাকথিত এবিভিপি এবং আরএসএস নেতারা যখন তৃণমূল আমলেও আমি হিজাব কাণ্ড নিয়ে রাজনৈতিক মিথ্যা ন্যারেটিভের বিপক্ষে একা লড়েছিলাম। অভিযুক্ত হিন্দু অধ্যাপিকার সাসপেনশন বাতিল করে তাঁকে কাজে ফিরিয়েছিলাম। একা দাঁড়িয়ে থেকে রামনবমীর মিছিল, তিরঙ্গা যাত্রায় নেতৃত্ব দিয়েছি। এ কেমন ভারতমাতার সন্তান যাঁরা বিজেপি ক্ষমতায় আসার পরে রাষ্ট্রবাদী হয়েছেন! ১৩ হাজার পড়ুয়ার মধ্যে এবিভিপির ১৩ জন সদস্যও নেই। বহিরাগতদের নিয়ে ছাত্ররাজনীতি চলে না, এটা বুঝতে হবে তাদের।



