নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইসা নেত্রী নেহা বোরার অনুষ্ঠানের পরদিনই ক্যাম্পাসের অনুষ্ঠান আয়োজনের অনুমোদনকারী কমিটি ভেঙে দিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার নেহার আলোচনাসভায় উপচে পড়া ভিড় হয়। কে পি বসু মেমোরিয়াল হল থেকে অনুষ্ঠান সরিয়ে গান্ধী ভবনের মতো বড়ো জায়গায় নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে এই অনুষ্ঠানের প্রতিবাদ জানিয়ে কর্তৃপক্ষকে স্মারকলিপিও দেয় বিশ্ববিদ্যালয়ের এবিভিপি ইউনিট। তারপরেই এই সিদ্ধান্ত।
কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ মার্চের এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠকের ভিত্তিতে ২৩ মার্চ অ্যাপ্রুভিং অ্যান্ড মনিটরিং ফর প্রোগ্রাম কমিটি তৈরি হয়েছিল। রসায়ন বিভাগের চেয়ারম্যান অরূপ গায়েনকে মাথায় রেখে কমিটি গঠন করা হয়। সেই কমিটিই এবার ভেঙে দেওয়া হল। পরবর্তী কমিটি গঠন হওয়া পর্যন্ত রেজিস্ট্রার দেবজিৎ দত্ত এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। যদিও, এর পিছনে রাজনৈতিক চাপ রয়েছে কি না, তা জানা সম্ভব হয়নি উপাচার্য ফোন না ধরায়। বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ইউনিটের সম্পাদক সঞ্জীপন দীপ বর্মনও ফোন ধরেননি। আরএসএস অনুমোদিত শিক্ষক সংগঠন এবিআরএসএমের অন্যতম নেতা তথা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভাস্কর সর্দার অবশ্য জানান, এ নিয়ে তাঁরা কোনো আপত্তি জানাননি।