Bartaman Logo
২০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জামাই আদরে আন্ডে কা ফান্ডা, ওমলেট তৈরি বা ছুড়ে মারা নয়, জামাইষষ্ঠীর মিষ্টিমুখ ডিম সন্দেশে

জামাইষষ্ঠীতে কলকাতার মিষ্টি দোকানগুলোতে নতুন স্বাদের ডিম সন্দেশ। ফুটবল থিমে তৈরি মিষ্টির বৈচিত্র্য। বিস্তারিত পড়ুন।

জামাই আদরে আন্ডে কা ফান্ডা, ওমলেট তৈরি বা ছুড়ে মারা নয়, জামাইষষ্ঠীর মিষ্টিমুখ ডিম সন্দেশে
  • ২০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যজুড়ে ডিম ছোড়ার মরশুম চলছে। এবছর জামাইষষ্ঠী পড়েছে ঠিক এই সময়। কোন্নগরের কালীমাতা সুইটস বানায় আমের পুর দিয়ে তৈরি সাদা গোল ডিম সন্দেশ। সেটির অতুলনীয় স্বাদ। কর্ণধার স্বরূপ দত্ত বলেন, ‘বড়ো তালশাঁস, শঙ্খ, বেকড রসগোল্লা ও বেকড কালাকাঁদের চাহিদা থাকে। এবার তার সঙ্গে জুড়েছে ম্যাঙ্গো রোল, চকোলেট রোল, আমসত্ত্ব রোল। এছাড়া থাকবে হালকা মিষ্টির একাধিক সন্দেশ।’ এছাড়া ফেলু মোদকে এবার রাজনীতির ককটেল। সঙ্গে মিশেছে বিশ্বকাপ। সাদা গোলাকার সন্দেশের পেটে ম্যাঙ্গো জেলি ভরে তৈরি হয়েছে ডিম। ক্রেতারা খাবেন, না ছু্ড়বেন, সেটা তাঁদের রুচি। কর্ণধার অমিতাভ দে জামাইষষ্ঠীর থিম হিসেবে তুলে এনেছেন ফুটবল। ব্রাজিল সমর্থক জামাইয়ের জন্য হলদেটে সন্দেশ। সেটি আমের স্বাদে মাখামাখি। আর ব্ল্যাক কারেন্ট দিয়ে হবে নীল-সাদা আর্জেন্টিনা সন্দেশ। আছে মোহনবাগান-ইষ্টবেঙ্গলও। এই দু’দলের রঙে রঙিন সন্দেশ বেছে নেবেন শ্বশুর-শাশুড়িরা।  

Advertisement

জামাইষষ্ঠীতে জামাইয়ের পাতে চাই বাহারি মিষ্টি। সে কারণে এবারও স্বকীয়তা জিইয়ে রেখেছে কলকাতা ও শহরতলির মিষ্টান্ন প্রতিষ্ঠানগুলি। ডিম থেকে ফুটবল, মিষ্টির গঠনে ও স্বাদে বৈচিত্র সর্বত্র অটুট। নামজাদা মিষ্টান্ন প্রতিষ্ঠান বলরাম মল্লিক রাধারমণ মল্লিকে চিরন্তনী মিষ্টির সঙ্গে জায়গা করে নিয়েছে ফিউসন সুইটস। প্রতিষ্ঠানের কর্ণধার সুদীপ মল্লিক জানালেন, ইতালির জিলেটো অনুসরণ করে তৈরি ম্যাঙ্গো জিলেটো সন্দেশ, ম্যাঙ্গা ট্রেস লিচেস ও স্ট্রবেরি ট্রেস লিচেস যেমন আছে তেমনই আছে লিচুর পায়েস, লিচু সন্দেশ এবং নানা ধরনের পেস্ট্রি। দেশপ্রিয় সুইটস অ্যান্ড কনফেকশনার্স প্রাইভেট লিমিটেডে ফি বছর জাম্বো রসগোল্লা বা পেল্লায় জামাইষষ্ঠী সন্দেশ বানায়। এবার এর সঙ্গে নয়া সংযোজন ম্যাঙ্গো স্যান্ডউইচ। কর্ণধার সমীর ঘোষ বলেন, ‘জামাইদের মন গলাবে এই মিষ্টি। সঙ্গে থাকছে লিচুর পায়েস।’ জামাই ঠকানো মিষ্টি হিসেবে জলভরা সন্দেশ আবিস্কার করেছিলেন সূর্য মোদক। এবার সেই প্রতিষ্ঠানে সাবেক জলভরার সঙ্গে রয়েছে ব্লুবেরি, ব্ল্যাক কারেন্ট, স্ট্রবেরি, ম্যাঙ্গো, গ্রিন ম্যাঙ্গো, কাঁঠালের জলভরা। কর্ণধার শৈবাল মোদক বলেন, ‘আমাদের গ্রীষ্ম স্পেশাল আম কুলপির চাহিদা জামাইষষ্ঠীতে দারুণ। হিমসাগর আমের আঁটি বের করে পেটে পোরা হয় ক্রিমে মাখা কুলপি। দর্শনধারী এবং খেতেও সুস্বাদু।’ -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ