Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

স্কটিশ আগ্রাসনে ম্লান ইতালির অভিষেক

রাজভবন সংলগ্ন রাস্তা দিয়ে ইডেনের দিকে হনহনিয়ে হেঁটে আসছেন চার বিদেশি সমর্থক। প্রত্যেকের পরনেই ইতালির ফুটবল দলের জার্সি।

স্কটিশ আগ্রাসনে ম্লান ইতালির অভিষেক
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সৌগত গঙ্গোপাধ্যায়, কলকাতা: রাজভবন সংলগ্ন রাস্তা দিয়ে ইডেনের দিকে হনহনিয়ে হেঁটে আসছেন চার বিদেশি সমর্থক। প্রত্যেকের পরনেই ইতালির ফুটবল দলের জার্সি। দেশের পতাকা হাতে স্লোগান দিচ্ছেন, ‘ফোর্জা আজ্জুরি, ফোর্জা আজ্জুরি’। দেখে মনে হতেই পারে, ডোনারুমা-বাস্তোনিদের ম্যাচ রয়েছে কলকাতায়! না, তা নয়। দেশটা এক হলেও খেলাটা ভিন্ন। ফুটবল বিশ্বকাপের গত দুই আসরে যোগ্যতা অর্জনে ব্যর্থ ইতালি সোমবার ইডেনে পথচলা শুরু করল ক্রিকেট বিশ্বযুদ্ধে। টি-২০ বিশ্বকাপে তাদের অভিষেকটা অবশ্য মধুর হল না। স্কটল্যান্ডের কাছে ৭৩ রানে হারলেন বেন মানেনতি-থমাস ড্রাকারা। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২০৭ তোলে স্কটিশরা। জবাবে ১৩৪ রানেই গুটিয়ে যায় ইতালি। তবুও ম্যাচ শেষে দেখা গেল পরম উল্লাসে আকাশবাণীর পাশ দিয়ে হোটেলে ফিরছেন সেই চার আজ্জুরি সমর্থক। চেনা ফুটবল জগতের বাইরে এক নতুন অভিজ্ঞতার সাক্ষী হওয়ার তৃপ্তিই ভুলিয়ে দিয়েছে পরাজয়ের ব্যথা।

Advertisement

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় স্কটল্যান্ডের। ওপেনিং জুটিতেই ওঠে ১২৬। জর্জ মানজি উপহার দেন ৮৪ রানের অনবদ্য ইনিংস। অপর ওপেনার মাইকেল জোনাসের সংগ্রহ ৩৭। শেষেদিকে ব্রেন্ডন ম্যাকমুলেন (অপরাজিত ৪১) ও মিচেল লিস্কের (অপরাজিত ২২) ব্যাটে দুশোর গণ্ডি টপকায় তারা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইতালি। ৪০ রানেই পড়ে যায় তিন উইকেট। মিডল অর্ডারে বেন মানেতি (৫১) অর্ধশতরান হাঁকালেও হার এড়ানো যায়নি। ম্যাচের সেরা স্কটিশ পেসার মাইকেল লিস্ক নেন চারটি উইকেট।
হারের পাশাপাশি ক্যাপ্টেন ইতালির চিন্তা বাড়িয়েছে ওয়েন মাডসেনের চোট। ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে কাঁধে গুরুতর চোট পান তিনি, যা তাঁকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে পারে। তবে প্রশংসা করতে হবে স্কটল্যান্ডের। বিশ্বকাপে খেলারই কথা ছিল না তাদের। বাংলাদেশ বাদ পড়ায় শেষলগ্নে সুযোগ পায় তারা। কার্যত বিনা প্রস্তুতিতে খেলতে এসেও নজর কেড়েছে রিচি বেরিংটনের দল। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়ে হারলেও এদিন ইতালির বিরুদ্ধে রীতিমতো আগ্রাসনের পতাকা ওড়াল স্কটিশরা।

সম্পর্কিত সংবাদ