Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মোসকা ভাইদের ব্যাটে ঐতিহাসিক জয় ইতালির

ইয়র্কার ডেলিভারি কভারে ঠেললেন অ্যান্টনি মোসকা। বল ধরতে পারলেন না নেপালের ফিল্ডার। সুযোগ কাজে লাগিয়ে রানের জন্য দৌড় শুরু করতেই উল্লাস শুরু মোসকা ব্রাদার্সের।

মোসকা ভাইদের ব্যাটে ঐতিহাসিক জয় ইতালির
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ইয়র্কার ডেলিভারি কভারে ঠেললেন অ্যান্টনি মোসকা। বল ধরতে পারলেন না নেপালের ফিল্ডার। সুযোগ কাজে লাগিয়ে রানের জন্য দৌড় শুরু করতেই উল্লাস শুরু মোসকা ব্রাদার্সের। নন-স্ট্রাইকার এন্ডে পৌঁছতেই বিজয় হুংকার ছাড়লেন অ্যান্টনি। ততক্ষণে তাঁর ওপেনিং পার্টনার জাস্টিনও দৌড়ে এসে দাদাকে জড়িয়ে ধরেছেন। ছোটো ভাইয়ের কপালে আলতো চুমু দিয়ে উপরওয়ালাকে ধন্যবাদ জানালেন তিনি। এই দৃশ্য ইতালির ক্রিকেট ইতিহাসে সোনার ফ্রেমে বাঁধানো থাকবে। ততক্ষণে ইতালির ডাগ-আউটেও উত্সব শুরু। ক্রিকেট বিশ্বকাপের আবির্ভাব মঞ্চে দ্বিতীয় ম্যাচেই ঐতিহাসিক জয়ের সেলিব্রেশন তো এমনই হওয়া উচিত।

Advertisement

বৃহস্পতিবার নেপালকে ১০ উইকেটে দুরমুশ করে বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে ইতালি। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নেপাল ১৯.৩ ওভারে ১২৩ রানেই গুটিয়ে যায়। জবাবে মোসকা ভাইদের দাপটে ১২.৪ ওভারে কোনও উইকেট না খুইয়ে জয় তুলে নেয় আজ্জুরি ব্রিগেড। ৩টি চার ও ৬টি ছক্কা সহ ৩২ বলে অপরাজিত ৬২ রানের ইনিংস উপহার দেন অ্যান্টনি। ভাই জাস্টিনের ৪০ বলে অপরাজিত ৬০ রানের ইনিংস সাজানো ৫টি চার ও ৩টি ছক্কায়। তবে আলাদা কৃতিত্ব প্রাপ্য ইতালির বোলারদেরও। তাঁদের দাপটেই জয়ের পথ সহজ হয়েছে। মাত্র ১৮ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিশান কালুগামাগে।
অথচ গত ম্যাচে ইংল্যান্ডের কাল ঘাম ছুটিয়ে দিয়েছিল নেপাল। শেষ ওভারে কোনওক্রমে জিতেছিল হ্যারি ব্রুকের দল। তবে বৃহস্পতিবার ইতালির কাছে পাত্তাই পেলেন না রোহিত পাওডেলরা। প্রথমে ব্যাট করতে নেমে দলগত ৮ রানেই প্রথম ধাক্কা খায় নেপাল। ওপেনার কুশল ভার্তুলাকে (৫) ফেরান আলি হাসান। অপর ওপেনার আসিফ শেখের সংগ্রহ ২০। ক্যাপ্টেন রোহিতের ব্যাট থেকে ২৩ রানের বেশি আসেনি। দলের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন আরিফ শেখ (২৭)। ১৪তম ওভারে নেপালের স্কোর ছিল ৪ উইকেটে ৯৩। সেখান থেকে ইতালির বোলারদের দাপটে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে নেপাল। শেষ পর্যন্ত ১২৩ রানেই গুটিয়ে যায় রোহিত-ব্রিগেড।
স্বল্প পুঁজি সত্ত্বেও নেপালি সমর্থকদের আশা ছিল, বোলাররা লড়াই করবে। কিন্তু কোথায় কী! মোসকা ভাইদের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল নেপাল। আসলে অ্যান্টনি ও জাস্টিনের জন্ম অস্ট্রেলিয়ায়। ক্যাঙারুর দেশে ক্লাব ক্রিকেটেও খেলেছেন দু’জনে। তবে দাদুর সূত্র ধরে ইতালির হয়ে খেলার ছাড়পত্র পেয়েছেন দুই ভাই। আর তার পূর্ণ মর্যাদাও দিয়েছেন তাঁরা। হয়ে উঠেছেন আজ্জুরিদের ঐতিহাসিক জয়ের কাণ্ডারি। ৪৪ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় ইতালি।
দিনের অপর ম্যাচে পাল্লেকেলে স্টেডিয়ামে ওমানকে ১০৫ রানে দুরমুশ করল শ্রীলঙ্কা। টস হেরে প্রথমে ব্যাট করে দ্বীপরাষ্ট্রটি ৫ উইকেটে তোলে ২২৫। অর্ধশতরান করেছেন কুশল মেন্ডিস (৬১), পবন রত্নায়েকে (৬০) ও দাসুন শানাকা (৫০)। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১২০ রানে আটকে যায় ওমান। অপরাজিত হাফ-সেঞ্চুরি করেন মহম্মদ নাদিম (৫৩)।

সম্পর্কিত সংবাদ