Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

চিয়েসাকে বাদ দিয়ে বিতর্কে ইতালি কোচ, দলে দুর্বলদের কোনো জায়গা নেই: জেনারো গাত্তুসো

২০১৪ বিশ্বকাপে শেষবার দেখা গিয়েছিল ইতালিকে। পরের দু’বার মূলপর্বের যোগ্যতা অর্জনে ব্যর্থ আজ্জুরিরা

চিয়েসাকে বাদ দিয়ে বিতর্কে ইতালি কোচ, দলে দুর্বলদের কোনো জায়গা নেই: জেনারো গাত্তুসো
  • ২৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রোম: ২০১৪ বিশ্বকাপে শেষবার দেখা গিয়েছিল ইতালিকে। পরের দু’বার মূলপর্বের যোগ্যতা অর্জনে ব্যর্থ আজ্জুরিরা। আসন্ন বিশ্বকাপের আগে তাই খরা কাটাতে মরিয়া কোচ জেনারো গাত্তুসো। তার জন্য দেশের জার্সিতে একশো শতাংশ উজাড় করে দেবে এমন ফুটবলারদেরই দলে রাখছেন তিনি। উল্লেখ্য, বৃহস্পতিবার ঘরের মাঠে বিশ্বকাপের বাছাই পর্বের প্লে-অফের সেমি-ফাইনালে নর্দান আয়ারল্যান্ডের মুখোমুখি হবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর এই ম্যাচের ৪৮ ঘণ্টা আগে জাতীয় শিবির থেকে ছেড়ে দেওয়া হল ফেডেরিকো চিয়েসাকে। এর কারণ হিসেবে ২০০৬ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম কারিগর গাত্তুসো জানান, ‘বিশ্বকাপের যোগ্যতা অর্জন করাই লক্ষ্য। তাই সেরাদের নিয়েই ঝাঁপাতে চাই। মানসিকভাবে দুর্বল কিংবা ভঙ্গুর ফুটবলারদের আমার দলে জায়গা নেই।’

Advertisement

আসলে গত দু’বছরে ক্লাব ফুটবলে হাতে গোনা ম্যাচ খেলেছেন চিয়েসা। স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস তলানিতে। তাই তাঁকে বয়ে বেড়াতে নারাজ ইতালির কোচ। অথচ গত বছর দলের দায়িত্ব নেওয়ার পর গাত্তুসো জানিয়েছিলেন, কোনও ফুটবলার চোট পেলেও সে জাতীয় দলের সঙ্গেই থাকবে। কারণ সেক্ষেত্রে তাঁর মনোবল অনেকটাই বাড়বে। সেই মত টোনালি, স্কামাকা ও বাস্তোনি জাতীয় শিবিরে যোগ দিয়েছেন। তাহলে ফেডেরিকোকে কেন বাদ দেওয়া হল? তা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। অনেকেই বলছেন, খামখেয়ালিপনায় ভরপুর গাত্তুসো দলগত সংহতি নষ্ট করছেন। এই প্রসঙ্গে ইতালি কোচ বলেন, ‘সবার মানসিকতা সমান হয় না। অতীতে কী হয়েছে তা আমাদের ভুলে যেতে হবে। এখন একটাই লক্ষ্য, বৃহস্পতিবার জিতে মাঠ ছাড়া। তার জন্য দুর্বলচিত্ত হলে চলবে না। চিয়েসার শারীরিক সমস্যা রয়েছে। তাই এই মুহূর্তে সে দলের কাছে অপ্রয়োজনীয়।’ উল্লেখ্য, চিয়েসার পরিবর্তে নিকোলো ক্যাম্পবিয়াঘি জাতীয় দলে ডাক পেয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ