Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

সঞ্জু সেঞ্চুরি পেলে ভালো লাগত: সানি

সঞ্জু স্যামসনের ম্যাচ-জেতানো ইনিংসে মুগ্ধ সুনীল গাভাসকর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর অপরাজিত ৯৭ রানই নিশ্চিত করেছে ভারতের সেমি-ফাইনালের টিকিট।

সঞ্জু সেঞ্চুরি পেলে ভালো লাগত: সানি
  • ৩ মার্চ, ২০২৬ ১২:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সঞ্জু স্যামসনের ম্যাচ-জেতানো ইনিংসে মুগ্ধ সুনীল গাভাসকর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর অপরাজিত ৯৭ রানই নিশ্চিত করেছে ভারতের সেমি-ফাইনালের টিকিট। স্টার স্পোর্টসে এক শোয়ে সানি বলেছেন, ‘এই ইনিংসটা ওর উপর জমে থাকা চাপ কমাবে। আমরা সবাই জানি যে, ও দুর্দান্ত এক ক্রিকেটার। কেরিয়ারে বহু উত্থান-পতনের সাক্ষী থেকেছে। কিন্তু কখনও হাল ছেড়ে দেয়নি। ধাক্কা খেয়ে বারবার উঠে দাঁড়িয়েছে। সবাই ওর ব্যাটে বড় রান চাইছিলাম। একদম মোক্ষম সময়ে সেই প্রত্যাশা পূরণ করল। ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও নিশ্চয়ই ওর সাফল্যে খুশি।’

Advertisement

৫০ বলের ইনিংসে ১২টি চার ও ৪টি ছক্কা মেরেছেন সঞ্জু। দারুণ পরিণত ইনিংসে দলের জয় নিশ্চিত করলেও মাত্র তিন রানের জন্য তাঁর কাছে অধরা থেকে যায় সেঞ্চুরি। গাভাসকরের মতে, ‘জিততেই হবে পরিস্থিতিতে ম্যাচের সেরা হওয়া স্বপ্নের মতো ব্যাপার। জয়সূচক রানের পর ওর চোখে মুখে আবেগ ধরা পড়ছিল। তবে তিন অঙ্কের রানে পৌঁছাতে পারলে দারুণ হত। কে জানে, হয়তো পরের ম্যাচে সেঞ্চুরি আসবে।’ রবিবারের ম্যাচ-জেতানো ইনিংস সম্পর্কে কিংবদন্তি ওপেনারের মূল্যায়ন, ‘১৯৬ রান তাড়া করাটা মোটেই সহজ ছিল না। তবে এখনকার ক্রিকেটাররা হাল ছাড়ে না কোনও অবস্থাতেই। সেজন্যই এল স্মরণীয় জয়।’ সানি আরও বলেন, ‘একটা দিকে সেট ব্যাটসম্যান থাকায় সুবিধা হয়েছে ভারতের। উল্টোদিকের ব্যাটার খুচরো রানে মন দিতে পেরেছিল। সঞ্জু যাতে বেশি স্ট্রাইক পায়, সেটাই ছিল লক্ষ্য।’
অভিষেকের পর এক দশকের বেশি পেরিয়ে গেলেও সঞ্জু এখনও নিয়মিত নন দলে। তবে রবিবারের পর ছবিটা বদলাবে বলেই মনে করছেন সৌরভ গাঙ্গুলি। সিএবি সভাপতির মতে, ‘সঞ্জু খুব ভালো ক্রিকেটার। সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের হয়ে নিয়মিত খেলা উচিত ওর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচটা ছিল কার্যত কোয়ার্টার ফাইনাল। সেখানে ৯৭ রানের ইনিংসে ম্যাচ জিতিয়ে ফেরা ওর প্রতিভাকে মেলে ধরল। পরিস্থিতি অনুসারে দায়িত্বশীল ইনিংস খেলেছে। ক্রিজে একবার জমে গেলে সঞ্জু কিন্তু বিপক্ষের কাছে বিভীষিকা।’ সৌরভ আরও বলেন, ‘বিশ্বকাপের আগে ওর ব্যর্থতা নিয়ে অনেক কথা হয়েছে। এই ইনিংসে সবকিছুর জবাব দিয়েছে সঞ্জু।’ বৃহস্পতিবার ওয়াংখেড়েতে সেমি-ফাইনালে ভারতের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড। সৌরভের কথায়, ‘ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ইংল্যান্ড বেশি শক্তিশালী। তাই ফাইনালে ওঠার জন্য সেরাটা মেলে ধরতে হবে ভারতকে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ