উজ্জ্বল কুমার (প্রত্যক্ষদর্শী): আচমকা জোরালো শব্দ। চারপাশটা যেন কেঁপে উঠল। আমরা তখন কাজে সবাই কাজে ব্যস্ত। দেখলাম, আমাদের কারখানার দরজা-জানালাও কাঁপছে। প্রথমে মনে হল, ভূমিকম্প হচ্ছে! ততক্ষণে রাস্তায় হুড়োহুড়ি পড়ে গিয়েছে। বাইরে বেরিয়ে এসে দেখি, পাশের গোডাউন মাটিতে মিশে গিয়েছে। চারদিকে ধুলো উড়ছে। ভয়ংকর পরিস্থিতি। আর্তনাদ ভেসে আসছে। একটু দূরে ধ্বংসস্তূপের মাঝে একটা হাত নড়তে দেখলাম। আমরা কয়েকজন ছুটে গেলাম। জলের বোতল নিয়ে আসা হল। জল দেওয়ার চেষ্টা করলাম। একটা জায়গায় গর্তের মধ্যে কয়েকজন চাপা পড়েছিল। সেখান থেকে ওরা চিৎকার করে বলছিল, ‘হাম লোগ ইঁহা হে। হামকো বাচাইয়ে!’ ওরা ঠিক কতজন ওখানে আটকে ছিল, বলতে পারব না। এখানে বহু মহিলাও কাজ করতেন। সেরকম এক মহিলাকে বোতল থেকে জল দিলাম।



