Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হিমঘরে আলু ঢোকাতে লাগছে তিন দিন, চাষিরা ট্রাক্টর ভাড়া পাচ্ছেন না

কখনও ২৪ ঘণ্টা, কখনও বা তার থেকেও অনেক বেশি সময় লাগছে।

হিমঘরে আলু ঢোকাতে লাগছে তিন দিন, চাষিরা ট্রাক্টর ভাড়া পাচ্ছেন না
  • ২০ মার্চ, ২০২৫ ১৭:০৩
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: কখনও ২৪ ঘণ্টা, কখনও বা তার থেকেও অনেক বেশি সময় লাগছে। ফলে মাঠ থেকে আলু নিয়ে হিমঘরে যেতে চাইছেন না ট্রাক্টর চালকরা। তাতেই নতুন করে ফ্যাসাদে পড়েছেন বড়ঞা ব্লকের আলু চাষিরা। হিমঘরের সামনে লম্বা লাইনের জেরেই তৈরি হয়েছে নতুন এই সমস্যা। প্রসঙ্গত, জেলার মধ্যে সবচেয়ে বেশি আলু উৎপাদন হয় বড়ঞা ব্লক এলাকাতে। এমনকী এই এলাকায় বছরে দু’বার আলু চাষ হয়। প্রথমবারের আলু হিমঘরে রাখা হলেও পরের চাষের আলু হিমঘরে রাখা হয় না। পরের বারের পাকা আলু তুলে চাষিরা নিজের বাড়িতেই মজুত করে রাখেন কয়েকমাসের জন্য। বিক্রি করা হয় খোলা বাজারে। তবে এবছর আগাম আলুর উৎপাদন অনেকটা বেশি হওয়ায় নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে। একে তো আলুর দর নেই, তার ওপর হিমঘরে আলু সংরক্ষিত করা যাবে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন চাষিরা। 

Advertisement

বড়ঞা ব্লক তিনটি হিমঘরের সামনে পড়ছে লম্বা লাইন। আর মাঠ থেকে আলু হিমঘর পর্যন্ত নিয়ে যেতে প্রয়োজন পড়ছে ট্রাক্টরের। আর নতুন সমস্যা তৈরি হয়েছে সেখানেই। ট্রাক্টর চালকরা জানিয়েছেন, আলু হিমঘর পর্যন্ত ঢুকতে কখনও তিনদিন লেগে যাচ্ছে। কারণ প্রতিটি হিমঘরের সামনেই পড়ছে লম্বা লাইন। কয়থা গ্রামের ট্রাক্টর চালক আনোয়ার শেখ বলেন, কাল সকালে ট্রাক্টরে আলু নিয়ে এসেছি। প্রায় ৪৮ ঘণ্টা পর ট্রাক্টর খালি করতে পারলাম। এতে আমার দু’দিনের ট্রিপ নষ্ট হল। মালিক ভাড়া ধরার জন্য বকাঝকাও করেছেন। মাঝিয়ারা গ্রামের অপর ট্রাক্টর চালক হেমন্ত ভল্লা বলেন, দু’দিন বলে নয়। কখনও সেটা তিনদিনও লেগে যাচ্ছে। চাষিদের গাছাড়া ভাবের জন্য মাঠেই একদিন কেটে যাচ্ছে আলু হিমঘরে নিয়ে আসতে। ফলে অনেক ট্রাক্টর চালক আলু নিয়ে হিমঘরে আসতে চাইছেন না। শুধু তাই নয় হিমঘরের সামনে ট্রাক্টর লাগিয়ে নিশ্চিন্তেও থাকতে পারছেন না ট্রাক্টর চালকরা। চুরি যাচ্ছে ট্রাক্টরের যন্ত্রাংশ। মঙ্গলবার রাতে স্থানীয় একটি হিমঘর সংলগ্ন এলাকায় এমনই একটি চুরির ঘটনা ঘটলে স্থানীয় এক রির্পোটারকে হেনস্তাও করা হয় বলে দাবি। 
নারায়ণপুর গ্রামের চাষি আশুতোষ মণ্ডল বলেন, ট্রাক্টরের অভাবে আজও আলু তুলতে পারিনি। কোন ট্রাক্টর হিমঘরে আলু নিয়ে আসতে চাইছেন না। ট্রাক্টর ভাড়া ২২০০ টাকা নিলেও দিনপ্রতি দেড় হাজার করে স্টান্ডবাই চার্জ লাগবে বলছে। আলু বেচেই ক’ টাকাই বা পাব? ওই গ্রামের অপর চাষি সনাতন মণ্ডল বলেন, যা পরিস্থিতি তাতে নিজেদের ট্রাক্টর না থাকলে হিমঘরে আলু নিয়ে আসা খুব সমস্যার। ট্রাক্টর ভাড়া পাওয়া ভাগ্যের ব্যাপার।

Advertisement
সম্পর্কিত সংবাদ