ইভিএম নিয়ে জটিলতার অবসান, ঘোষিত সময়েই পুরভোট করাতে প্রস্তুত কমিশন
  • ১৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের অভাব থাকায় আসন্ন পুর নির্বাচন আয়োজন করতে বেগ পেতে হচ্ছিল। সমস্যা মেটাতে সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। অবশেষে সেই জটিলতা কেটে গেল। বুধবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কলকাতা পুরসভার তিনটি ওয়ার্ড এবং কাঁথি পুরসভার ইভিএম বাদ দিয়ে যেসব ইভিএম সংরক্ষণ করা ছিল, সেগুলির তথ্য মুছে ফেলতে হবে। তারপর সেগুলি পুর নির্বাচনে ব্যবহার করা যাবে। এদিন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা নভেম্বর-ডিসেম্বর মাসে পুর নির্বাচন করাতে প্রস্তুত।  

Advertisement

এই মামলায় প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্য নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিল, সংরক্ষিত ইভিএম থেকে হার্ড ডিস্কে তথ্য সংরক্ষণ করা সম্ভব কি না এবং ভোটে ইভিএম ব্যবহারের আগে যাবতীয় তথ্য মুছে ফেলা জরুরি কি না। জবাবে কমিশন জানিয়েছিল, তা সম্ভব। কিন্তু অতীতে পুরনির্বাচন ঘিরে মামলার কারণে বেশ কিছু ইভিএম সংরক্ষিত রাখা হয়েছে। অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য জানান, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ শুধুমাত্র কাঁথি পুরসভার ক্ষেত্রে প্রযোজ্য। অন্য পুরসভাগুলির বিষয়টি হাইকোর্টের বিবেচনাধীন। এরপরই কলকাতা পুরসভার তিনটি ওয়ার্ড এবং কাঁথি পুরসভার ইভিএম বাদ দিয়ে যেসব ইভিএম সংরক্ষণ করা ছিল, সেগুলি মুছে ফেলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।