


সংবাদদাতা, নবদ্বীপ: প্রতিবারের মতো এবারও মায়াপুরের ইসকনের রথযাত্রা নিয়ে নবদ্বীপে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। রথযাত্রার দিন সকালে মায়াপুরের জগন্নাথ মন্দির থেকে নামসংকীর্তন ও বিভিন্ন বাদ্যযন্ত্র সহ ইসকনের রথযাত্রা বের হয়। প্রায় পাঁচ কিমি পথ অতিক্রম করে ইসকনের চন্দ্রোদয় মন্দিরে এসে পৌঁছয়। নন্দঘোষ রথে জগন্নাথদেব,তালধ্বজ রথে বলরাম ও দর্পদলন রথে সুভদ্রা দেবীকে নিয়ে শোভাযাত্রা মন্দিরে আসবে।
৫জুলাই শনিবার পর্যন্ত আটদিন জগন্নাথদেব ইসকন মায়াপুরে অস্থায়ী গুন্ডিচা মন্দিরে থাকবেন। এবছর পঞ্চতত্ত্ব মন্দিরে অস্থায়ী গুন্ডিচা মন্দির হয়েছে। মাসির বাড়ি থাকাকালীন প্রভু জগন্নাথকে ছাপ্পান্নভোগ নিবেদন করা হবে। জগন্নাথ অষ্টকম-স্তোত্র পাঠ, দীপদান, প্রসাদ বিতরণ ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। রথযাত্রা উপলক্ষ্যে রাজাপুর জগন্নাথ মন্দিরে ভক্তরা উৎসবে মেতে ওঠেন। মন্দির প্রাঙ্গণ ফুলমালায় সাজিয়ে তোলা হয়। মন্দির নামসংকীর্তনে মুখরিত হয়ে ওঠে। ইসকনের সুসজ্জিত রথ দেখতে রাস্তার দু’ধারে দেশ-বিদেশের ভক্তদের ভিড় উপচে পড়ে। উল্টোরথে ফের জগন্নাথদেব রাজাপুর মন্দিরে ফিরে আসবেন।
ইসকনের জনসংযোগ অধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, রথযাত্রা ভগবান ও ভক্তের মিলন উৎসব। জাতি-বর্ণ নির্বিশেষে মানুষ রথের রশিতে টান টেবেন। জগন্নাথদেবের পুজোয় অংশ নেবেন। রথযাত্রায় চৈতন্য ঘরানার নৃত্যকীর্তন থাকবে। সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আমাদের রথযাত্রা প্রাণবন্ত হয়ে ওঠে।
ইসকন ছাড়াও নবদ্বীপের বিভিন্ন মঠ-মন্দির ও আশ্রমে ধুমধামের সঙ্গে রথযাত্রা উৎসব হবে। প্রাচীন মায়াপুর বালক সাধুর আশ্রমের জগন্নাথ মন্দির, রাধাসুদর্শন মন্দিরের পতিতপাবন জগন্নাথ, মণিপুর রাজবাড়ি, দেবানন্দ গৌড়ীয় মঠ, সারদেশ্বরী আশ্রম সহ বেশকিছু মন্দির থেকে রথ বের হবে। রথযাত্রা উপলক্ষে নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামাতলায় মেলাও বসে। এই মেলায় ব্যবসায়ীরা মাটির পুতুল, কাঠের আসবাবপত্র, হরেকরকম জিনিসের পসরা সাজান।