নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের (আইএসআই) প্রেসিডেন্ট এবং কাউন্সিল সদস্য নির্বাচনের দীর্ঘ প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়া শেষ হবে আগামী সেপ্টেম্বরে। কিন্তু আইএসআই পরিচালনার নতুন আইন তৈরি ও কার্যকর হলে এই নির্বাচনি প্রক্রিয়া অপ্রয়োজনীয় হয়ে পড়বে। সেক্ষেত্রে এই নির্বাচনি প্রক্রিয়ার ভবিষ্যৎ কী হবে? এনিয়ে সংস্থার অধ্যাপক, কর্মী, ছাত্র-গবেষকরা সংশয়ে রয়েছেন। ১৯৩১ সালে অধ্যাপক প্রশান্তচন্দ্র মহলানবিশ আইএসআই প্রতিষ্ঠা করেন। পরিসংখ্যান বিষয়ে শিক্ষা, গবেষণা ও চর্চার জন্য দেশে এটাই সেরা প্রতিষ্ঠান। সংস্থাটি বিশ্বমানেরও বটে। সংস্থাটি প্রথম থেকে পরিচালিত হয়ে আসছে একটি সোসাইটি হিসাবে। কেন্দ্রীয় সরকার নতুন আইন তৈরি করে আইএসআই-কেও কর্পোরেট ধাঁচে চালাতে চাইছে। যেমন পরিচালিত হচ্ছে আইআইটি, আইআইএম প্রভৃতি। এই পরিচালন ক্ষেত্রে এই বদল এলে কাউন্সিলের জায়গায় বোর্ড অব গভর্ন্যান্স পরিচালনা করবে আইএসআই। এই বোর্ডের চেয়ারম্যান থেকে সদস্যরা—সকলেই হবেন কেন্দ্রীয় সরকার কর্তৃক মনোনীত। প্রস্তাবিত আইনের বিরুদ্ধেই সোচ্চার হয়েছেন আইএসআইয়ের সঙ্গে যুক্ত প্রায় সকলেই। এখন আইএসআইয়ের মূল নিয়ন্ত্রক বডি হল কাউন্সিল। দু-বছর অন্তর প্রেসিডেন্ট ও কাউন্সিল নতুন করে গঠিত হয়। আগামী ১৮ সেপ্টেম্বর সেটা হওয়ার কথা। কাউন্সিলের প্রেসিডেন্ট ও কয়েকজন সদস্য ভোটাভুটির মাধ্যমে আসেন। ভোটাভুটিতে আইএসআই সোসাইটির হাজারখানেক সদস্যের পাশাপাশি অংশ নেন সংস্থার অধ্যাপক এবং কর্মী-আধিকারিকরা। তাঁদের মাধ্যমে নির্বাচিত কয়েকজন কাউন্সিলের সদস্য হন। মোট সদস্য ৩৩ জন। তাঁদের মধ্যে থাকেন কেন্দ্রীয় সরকারের মনোনীত সদস্যরা, বাইরের একাধিক বিশিষ্ট বিজ্ঞানী এবং পদাধিকারবলে আইএসআইয়ের ডিরেক্টর ও কয়েকজন বিভাগীয় প্রধান। আইএসআইয়ের নতুন আইন তৈরির জন্য বিলটি জুলাই মাসে সংসদের অধিবেশনে পেশ করা হতে পারে। কিন্তু আগের আইন এখনো কার্যকর থাকায় সংস্থা কর্তৃপক্ষ কাউন্সিলের কয়েকজন সদস্য ও প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। নতুন আইন কার্যকর হলেই এই প্রক্রিয়া মূল্য হারাবে বলে মনে করা হচ্ছে।



