নয়াদিল্লি: শ্রীলঙ্কার মাটিতে ১-০ ব্যবধানে সিরিজ জিতলেও কলম্বো টেস্টে ড্র কাঁটা হয়ে বিঁধছে ভারতীয় শিবিরে। প্রশ্নের মুখে কোচ গৌতম গম্ভীরের ভবিষ্যৎ। বড়ো কোনো অঘটন না ঘটলে ভারতের পক্ষে বাকি সাতটির মধ্যে ছ’টি ম্যাচ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা কার্যত অসম্ভব। সেক্ষেত্রে কোচের চাকরি নিয়ে টানাটানি হবে। আপাতত পদ বাঁচাতে পরের বছরের ওয়ান ডে বিশ্বকাপকে আঁকড়ে ধরতে চাইছেন গম্ভীর। পরিকল্পনা মতোই তিনি দলকে ঢেলে সাজাতে চাইছেন। বিশেষ করে মিডল অর্ডারের খামতি মেটানোই প্রধান চ্যালেঞ্জ কোচের। সেই কারণেই প্ল্যান বি তৈরি রাখার কাজও শুরু হয়ে গিয়েছে। এক্ষেত্রে গম্ভীরের সঙ্গী অজিত আগরকর। লাল বলের ক্রিকেটে ভারতীয় দলের অধঃপতনের পিছনে কোচ ও নির্বাচক প্রধান জুটির বড়ো অবদান রয়েছে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের। তাই বিদায় হবে দু’জনেরই, এক সঙ্গে।
আপাতত গম্ভীরের বিষ নজরে শ্রেয়স আয়ার। মিডল অর্ডারে তাঁর বিকল্প হিসাবে তিলক ভার্মাকে ভাবা হচ্ছে। তিনি স্পিনারও। ফলে অলরাউন্ডার হিসেবে তাঁকে তুলে ধরা গেলে শ্রেয়সের ঘাড়ে কোপ বসাতে সমস্যা হবে না নির্বাচকদের। সামনে রয়েছে একাধিক ওডিআই সিরিজ। নিউজিল্যান্ডে যাবে ভারত। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ রয়েছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে এশিয়ান গেমসের লড়াই। পর পর ম্যাচ থাকায় ক্রিকেটারদের ফিট রাখাও জরুরি। ওয়ার্কলোডের কথাও মাথায় রাখতে হবে। ফলে ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। এই সুযোগেই মিডল অর্ডারে তিলককে দেখে নেওয়া হতে পারে। তিনি দক্ষ ব্যাটার। স্পিনার হিসাবে কয়েক ওভার হাত ঘোরালে বোলিং আক্রমণের ধার বাড়বে। সেক্ষেত্রে শ্রেয়সের পরিবর্তে পরের বছর ওয়ান ডে বিশ্বকাপে তিলকের খেলার সম্ভাবনাও জোরালো হবে বলেই মত ওয়াকিবহাল মহলের। আসলে হার্দিক পান্ডিয়া, নীতীশ রেড্ডির মতো অলরাউন্ডাররা অনেক বেশি চোটপ্রবণ। বিশ্বকাপে তাঁদের খেলা নিশ্চিত নয়। তাই তিলককে আগামী কয়েক মাসে তৈরি করে ফেললে অলরাউন্ডারের সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট।
এখন প্রশ্ন হল, ওয়াশিংটন সুন্দর কিংবা অক্ষর প্যাটেল তাহলে কী করবেন? বোর্ডের এক শীর্ষকর্তা জানিয়েছেন, ওরা বোলিং অলরাউন্ডার হিসাবেই খেলবেন। তিলককে ভাবা হচ্ছে ব্যাটিং অলরাউন্ডার হিসাবে। তাছাড়া গত কয়েকটি সিরিজে ভারতের ফিল্ডিং পাতে দেওয়ার মতো ছিল না। সেদিকটাও মাথায় রাখতে হচ্ছে। ওপেনিং গিলের ব্যাক-আপ হিসাবে ঋতুরাজ গায়াকোয়াড়কে ভাবা হচ্ছে বলে জানিয়েছেন ওই বোর্ড কর্তা।