প্রায় দু’বছর পর বড়োপর্দায় এলেন...
হ্যাঁ, বাংলা সিনেমার ক্ষেত্রে দু’বছর হল প্রায়। মাঝে ‘খাকি’ হয়েছিল।
প্রায় দু’বছর পর বড়োপর্দায় এলেন...
হ্যাঁ, বাংলা সিনেমার ক্ষেত্রে দু’বছর হল প্রায়। মাঝে ‘খাকি’ হয়েছিল।
দর্শক তো অপেক্ষায় থাকেন...
(হাসি) আমিও অপেক্ষায় থাকি। আর যত সময় এগচ্ছে, বয়স বাড়ছে, বুঝতে পারছি পেশাদার জীবনে এখনও দুটো স্বপ্ন নিয়ে বাঁচি। নির্মাতা হিসেবে ভালো গল্প মানুষের সামনে তুলে ধরব, অভিনেতা হিসেবে ভালো চরিত্রে অভিনয় করব।
এই দু’বছরে ভালো চিত্রনাট্য আসেনি?
(সামান্য নীরবতা) আমার মনে হয়, এটা ঈশ্বরের পরিকল্পনা। এর মাঝে একটা, দুটো কাজ হওয়ার কথা ছিল। কোনো কারণে হয়নি। দু’বছরের কিছুটা খিদে এই সিনেমা মেটাতে পারবে। এখানে আমার ন’টি লুক।
আলাদা করে ভাবতে কতটা সময় লেগেছিল?
ভাবনাচিন্তার পিছনে পুরো টিম কাজ করেছে। কস্টিউম করেছে সঞ্চিতা। মেকআপ করেছে সোমনাথ কুণ্ডু। একটা ছবির মধ্যে এত সুযোগ থাকে না। এখানে আমি সেটা পেয়েছি, সত্যিই আমি ভাগ্যবান।
গবেষণা করে চিত্রনাট্য তৈরি হয়েছে?
অবশ্যই। আমাদের সিনেমা শুধু অনন্ত সিংয়ের গল্প নয়। এখানে একটা প্রশ্ন রয়েছে। পরাধীন এবং স্বাধীন ভারতের মধ্যে স্বাধীনতার পার্থক্য কতটা? সত্যিই কি আমরা স্বাধীন হয়েছি? আর স্বাধীন যদি হয়েও থাকি, এই স্বাধীনতার স্বপ্নই কি আমাদের বিপ্লবীরা দেখেছিলেন? বিচার করবেন দর্শক।
এই ছবি কি যুবসমাজ দেখবে?
আমি আশাবাদী। সম্প্রতি আমাদের দেশে এমন কিছু ঘটনা ঘটেছে, যেখানে যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রতিবেশী দেশেও দেখেছি যুবসমাজের শক্তি। ফলে এই ছবি যুবসমাজকে কানেক্ট করবে বলেই আমার বিশ্বাস।
বাংলা ইন্ডাস্ট্রির সামগ্রিক সমস্যার কারণ কী কী বলে মনে হয়?
আমরা ভালো সিনেমা তৈরি করতে পারিনি। এটা আমাদের দুর্বলতা। লেখার খামতি রয়েছে। পাশাপাশি আমি মনে করি, রাজ্যের অবস্থা কেমন তার উপরও বাকি ইন্ডাস্ট্রিগুলো কেমন পারফর্ম করবে তা নির্ভর করে। বিনোদন ইন্ডাস্ট্রি প্রায়োরিটি লিস্টে অনেক পরে আসে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা তারপর হয়তো বিনোদন আসে। রাজ্যে এসবগুলো যখন উন্নত হবে, বাকি জায়গাতেও তার প্রভাব পড়বে। মানুষ যদি প্রাথমিক গুরুত্বপূর্ণ জিনিসগুলো পেতেই স্ট্রাগল করতে থাকে, তাহলে বিনোদনের পিছনে অর্থ খরচ করবে কীভাবে?
নতুন সরকারের কাছে কী আশা?
আমরা এতদিন ধরে চাইছিলাম এমন সরকার হোক, যে সেন্ট্রালি অ্যালাইনড। সব ব্যাপারে যাতে কেন্দ্রের সঙ্গে মতবিরোধ না হয়। রং এখানে গুরুত্বপূর্ণ নয়। দুর্ভাগ্যজনকভাবে গত ৪৯ বছর দুটো সরকার কেন্দ্রের সঙ্গে বিরোধিতায় থেকেছে। এতদিনে সেন্ট্রালি অ্যালাইনড সরকার এসেছে। এরপরও যদি বাংলা পারফর্ম করতে না পারে তাহলে তা দুর্ভাগ্যজনক।
রাজনীতির অফার এসেছিল?
অফার আসেনি, তা বলব না। কিন্তু নিজেকে এখনও রাজনীতিতে দেখতে পাই না। নিজে যা করছি তাতেই খুশি। দু’বছর পরে এসেছি বলে এমন বলছেন নাকি? (হা হা হা...) তাহলে আরও বেশি বেশি করে সিনেমা নিয়ে আসার চেষ্টা করব। আমি সিনেমাটাই এনজয় করি।
স্বরলিপি ভট্টাচার্য