Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

সর্বোচ্চ ২৫ হাজার বেতনেও ইপিএফ বাধ্যতামূলক? শীঘ্রই সবুজ সংকেত অর্থমন্ত্রকের

মাসিক বেতন ১৫ হাজার টাকা হলেই এতদিন পর্যন্ত কর্মী পিএফে (ইপিএফ) যোগদান বাধ্যতামূলক ছিল।

সর্বোচ্চ ২৫ হাজার বেতনেও ইপিএফ বাধ্যতামূলক? শীঘ্রই সবুজ সংকেত অর্থমন্ত্রকের
  • ৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মাসিক বেতন ১৫ হাজার টাকা হলেই এতদিন পর্যন্ত কর্মী পিএফে (ইপিএফ) যোগদান বাধ্যতামূলক ছিল। এবার তা বৃদ্ধি পেয়ে হচ্ছে ২৫ হাজার টাকা? সোমবার সরকারি সূত্রে এমন সম্ভাবনার কথা বলা হয়েছে। শীঘ্রই এবিষয়ে সবুজ সংকেত দিতে চলেছে অর্থমন্ত্রক। কেন্দ্রীয় মন্ত্রিসভার পরবর্তী বৈঠকেই এব্যাপারে চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে। এই মুহূর্তে সারা দেশে ইপিএফের গ্রাহক সংখ্যা প্রায় সাড়ে সাত কোটি। মাসিক বেতনের ঊর্ধ্বসীমা বাড়ানো হলে স্বাভাবিকভাবেই আরও বেশি গ্রাহক ইপিএফের আওতায় আসবেন। বর্তমানে ইপিএফওর আওতাভুক্ত দেশের যেসব বেসরকারি সংস্থা প্রতিষ্ঠানের কর্মী মাসে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত বেতন পান, তাঁরা বাধ্যতামূলকভাবে ইপিএফের মতো সামাজিক সুরক্ষা পরিষেবা পান। এটিই বর্ধিত হয়ে মাসে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত হতে চলেছে। 

Advertisement

এই ঊর্ধ্বসীমা ৩০ হাজার টাকা পর্যন্ত করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু অর্থমন্ত্রক অনুমোদন করতে চলেছে ২৫ হাজার টাকা পর্যন্তই। দীর্ঘদিন ধরেই সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি ইপিএফ এবং ইএসআইয়ের ক্ষেত্রে মাসিক বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধির দাবি করছে। ইএসআইয়ে মাসিক বেতনের ঊর্ধ্বসীমার পরিমাণ ২১ হাজার টাকা। যদিও সেই পরিমাণ বৃদ্ধি হচ্ছে কি না, তা এখনও নিশ্চিত নয়। সরকারি সূত্রে খবর, আপাতত শুধু ইপিএফের ক্ষেত্রে মাসিক বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধির সম্ভাবনাই জোরালো হয়েছে। এব্যাপারে শ্রমমন্ত্রকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। সোমবার সংসদ ভবন চত্বরে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী তথা পদাধিকার বলে ইপিএফও অছি পরিষদের চেয়ারম্যান মনসুখ মাণ্ডব্যকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি ‘বর্তমান’কে জানিয়েছেন, ‘পুরোটাই পরিকল্পনা স্তরে রয়েছে। কোনো কিছুই চূড়ান্ত হয়নি। এরকম কোনো সিদ্ধান্ত গৃহীত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ