Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গঙ্গাজলঘাটিতে ঢালাই রাস্তা নির্মাণে অনিয়ম, বিক্ষোভ

গঙ্গাজলঘাটি ব্লকে ঢালাই রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে বাসিন্দারা সরব হয়েছেন।

গঙ্গাজলঘাটিতে ঢালাই রাস্তা নির্মাণে অনিয়ম, বিক্ষোভ
  • ৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: গঙ্গাজলঘাটি ব্লকে ঢালাই রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে বাসিন্দারা সরব হয়েছেন। গঙ্গাজলঘাটি অঞ্চলের ভরতপুর গ্রামে স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে ১০০ মিটার দৈর্ঘ্যের ওই রাস্তা নির্মাণের কাজ বুধবার থেকে শুরু হয়েছে। সরকারি নিয়ম মেনে রাস্তা তৈরির দাবিতে গ্রামবাসীরা আন্দোলনে নেমেছেন। তাঁরা দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন। বাসিন্দাদের একাংশ ঢালাই রাস্তা খুঁড়ে প্রতিবাদ জানিয়েছে। কাজের মান দেখার জন্য রাস্তা খনন করা হয়েছে বলে তাঁরা দাবি করেছেন। খবর পেয়ে বৃহস্পতিবার বিজেপি নেতৃত্ব এলাকায় যায়। তারাও ঘটনার প্রতিবাদ জানিয়েছে। তৃণমূল বিজেপিকে পাল্টা বিঁধেছে। ঘটনায় ঘাসফুল ও পদ্ম শিবিরের মধ্যে চাপানউতোর শুরু হয়েছে। 

Advertisement

উল্লেখ্য, এর আগেও গঙ্গাজলঘাটি ব্লকে ঢালাই রাস্তা নির্মাণ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছিল। ওই ব্লক এলাকায় বারবার একই অভিযোগ ওঠায় প্রশাসনের নজরদারি নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয় পঞ্চায়েত, ব্লক প্রশাসনের আধিকারিক ও দায়িত্বপ্রাপ্ত নির্মাণ সহায়কদের আরও সক্রিয় হতে হবে বলে বাসিন্দারা মনে করছেন।  গঙ্গাজলঘাটি ব্লক প্রশাসনের এক আধিকারিক বলেন, রাস্তা নির্মাণের ব্যাপারে ওঠা অভিযোগের কথা শুনেছি। এব্যাপারে পঞ্চায়েতের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।  
বিজেপি নেতা সুজিত অগস্তি বলেন, পঞ্চায়েতের তরফে নির্মীয়মাণ ওই ঢালাই রাস্তায় বালি ও কংক্রিটের পুরুস্তর থাকার কথা। বালি সেভাবে ব্যবহার করা হচ্ছে না। নামমাত্র সিমেন্ট, পাথর দিয়ে পাতলা ঢালাই দেওয়া হচ্ছে। অবিলম্বে রাস্তার কাজ বন্ধ রেখে তদন্ত করতে হবে। তা না হলে আমরা আন্দোলনে নামব। শীঘ্রই বিষয়টি নিয়ে পঞ্চায়েত সহ প্রশাসনের বিভিন্ন মহলে আমরা ডেপুটেশন জমা দেব। আমরা ঘটনাস্থলে গিয়েও ঠিকাদারের দেখা পাইনি। গ্রাম পঞ্চায়েতের প্রধান দাঁড়িয়ে থেকে কাজ করাচ্ছেন। প্রধান বকলমে ওই কাজ করাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। 
গ্রাম পঞ্চায়েত প্রধান শুভজিৎ সিংহ বলেন, রাস্তার কাজে অনিয়মের অভিযোগ ঠিক নয়। সরকারি নিয়ম মেনেই কাজ চলছে। কাজ পুরোপুরি শেষ না হওয়ার আগেই অনিয়ম, স্বজনপোষণের অভিযোগ তুলে ভোটের আগে বিজেপি বাজার গরম করার চেষ্টা করছে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত এলাকায় উন্নয়নের চেষ্টা করছে। বিজেপি নেতারা উন্নয়নে বাধা দেওয়ার চেষ্টা করছেন। স্থানীয়রা বিজেপিকে রুখে দিয়েছে।
ভরতপুর গ্রামের বাসিন্দা সলিলকুমার সিংহ বলেন, পঞ্চায়েতের মাধ্যমে এলাকার উন্নয়ন হোক, তা আমরাও চাই। কিন্তু, এক ইঞ্চি পুরু ঢালাই দিলে কিছুদিনের মধ্যেই কংক্রিট উঠে গিয়ে রাস্তার কংকালসার দশা হবে। তখন আমাদেরই ভোগান্তি পোহাতে হবে। সেই কারণে আমরা প্রতিবাদ করেছি। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ