Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পোস্টাল ব্যালটের ভোটে অনিয়ম! অবজারভারকে ঘিরে বিক্ষোভ

পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ শুরু হতেই অনিয়মের অভিযোগ দক্ষিণ দিনাজপুর জেলায়। যার প্রতিবাদে ভোট দিতে এসে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ভোটকর্মীরা

পোস্টাল ব্যালটের ভোটে অনিয়ম! অবজারভারকে ঘিরে বিক্ষোভ
  • ১৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গোপাল সূত্রধর, বালুরঘাট: পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ শুরু হতেই অনিয়মের অভিযোগ দক্ষিণ দিনাজপুর জেলায়। যার প্রতিবাদে ভোট দিতে এসে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ভোটকর্মীরা। তাঁদের বক্তব্য, সিল এবং গালা না দিয়েই বাক্সে পোস্টাল ব্যালট ফেলা হচ্ছে। এমনকী, বাক্স থেকে আবার তুলে নেওয়া হচ্ছে ব্যালট। বিষয়টি নজরে আসতেই বিক্ষোভ দেখান সরকারি কর্মীরা। বৃহস্পতিবার বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ কেন্দ্রে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। খবর পেয়ে ছুটে আসেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা সহ অন্যরা। তৃণমূল নেতারা অবজারভারকে ঘিরে বিক্ষোভ দেখান। ভোটে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধেও সরব হয়েছেন তাঁরা। বালুরঘাটের বিজেপি প্রার্থী বিদ্যুৎ রায়, দলের জেলা সাধারণ সম্পাদক বাপি সরকারও প্রশাসনের বিরুদ্ধে আঙুল তুলেছেন। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে আসে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ, বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাসের নেতৃত্বে পুলিশবাহিনী। দুই ফুলেরই অভিযোগের পর সুষ্ঠুভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত জেলাশাসক ইজাজ আহমেদ। 

Advertisement

এদিন স্কুলে ভোট দিতে আসেন চিত্তরঞ্জন সরকার। তাঁর কথায়, ভোটগ্রহণ প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। পুরো প্রক্রিয়ায় গোপনীয়তার কোনো ব্যবস্থা ছিল না। অনেকেই মোবাইল নিয়ে বুথের ভিতরে ঢুকছিলেন এবং অবাধে ব্যবহারও করছিলেন। পোস্টাল ব্যালটে গালা এবং সিল কিছুই ব্যবহার হচ্ছিল না। ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরের বিশৃঙ্খলা দেখে অনেকে এদিন প্রতিবাদ জানান। 
এই অব্যবস্থা নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগও তোলে। বালুরঘাট পুরসভার চেয়ারম্যান তৃণমূলের সুরজিৎ সাহা বলেন, নির্বাচন কমিশনকে ব্যবহার করে এই ভোট প্রক্রিয়াকে বিজেপি প্রহসনে পরিণত করার চেষ্টা চালাচ্ছে। বিষয়টি জানতে পেরে আমাদের নির্বাচনি এজেন্টরা বাধা দেন। আমরা কমিশনে লিখিত অভিযোগ দায়ের করব। সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া না হলে আন্দোলন নামারও হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল।
ভোটগ্রহণ কেন্দ্রে অনিয়ম ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সরব হয়েছে বিজেপিও। তবে তৃণমূলের অভিযোগ মানতে চাননি বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার। তাঁর বক্তব্য, ভোটগ্রহণ কেন্দ্রে প্রশাসনের তরফে এমন কিছু কর্মীকে রাখা হয়েছে, যাঁরা তৃণমূল কংগ্রেস পরিচালিত একটি এজেন্সির। তাঁরা ভোট প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করতে চাইছে। আমরা নির্বাচন কমিশনকে স্পষ্ট জানিয়েছি, ওই কর্মীদের চিহ্নিত করে ব্যবস্থা নিক। 
• অবজারভারকে ঘিরে বিক্ষোভ। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ