সংবাদদাতা, বারুইপুর: আবাস যোজনায় ঘর দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগ। পাশাপাশি, পঞ্চায়েত এলাকায় পানীয় জল সমস্যা দূর করা সহ নানা দাবিতে গ্রামবাসীদের নিয়ে বারুইপুরের কল্যাণপুর পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মীরা। পঞ্চায়েত অফিসে ঢোকার গেট বন্ধ করে দেওয়া হয়। পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয়। বিক্ষোভ চলাকালীন পঞ্চায়েতের এক কর্মীকে উদ্দেশ্য করে ডিমও ছোড়া হয়। বিষয়টিকে ঘিরে মঙ্গলবার ব্যাপক উত্তেজনা দেখা দেয় এলাকায়। বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বিজেপির নেতারা পঞ্চায়েত প্রধান ও জেলা পরিষদ সদস্যর সঙ্গে দাবি ও সমস্যা নিয়ে কথা বলেন। বিবেচনার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ, ঘেরাও ওঠে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।বিক্ষোভকারীরা বলেন, দীর্ঘদিন ধরে মলয় চণ্ডীপুর সহ অন্য এলাকায় আবাসের ঘর দেওয়া নিয়ে টালাবাহানা করছে পঞ্চায়েত। বেছে বেছে তৃণমূলের কর্মীদের ঘর দেওয়া হয়েছে। এলাকায় পানীয় জলেরও তীব্র সমস্যা রয়েছে। তাও দেখে না পঞ্চায়েত কর্তৃপক্ষ। যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক বিশ্বজিৎ পাল বলেন, বিডিওকে এই বিষয়ে জানানো হয়েছে। প্রত্যেক বাসিন্দা যাতে ঘর পান, তা দেখতে হবে। তিনদিন সময় দেওয়া হয়েছে পঞ্চায়েতকে। সমাধান না হলে ফের আন্দোলন হবে। । নিজস্ব চিত্র



