Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চাইলেন ইরানি প্রেসিডেন্ট! আত্মসমর্পণ করেছে তেহরান, ঠেস ট্রাম্পের

প্রতিবেশী দেশগুলির সঙ্গে কোনো শত্রুতা নেই ইরানের। তাদের ‘ভাই’ বলে সম্বোধন করে হামলা চালানোর জন্য দুঃখপ্রকাশ করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চাইলেন ইরানি প্রেসিডেন্ট! আত্মসমর্পণ করেছে তেহরান, ঠেস ট্রাম্পের
  • ৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তেহরান: প্রতিবেশী দেশগুলির সঙ্গে কোনো শত্রুতা নেই ইরানের। তাদের ‘ভাই’ বলে সম্বোধন করে হামলা চালানোর জন্য দুঃখপ্রকাশ করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একইসঙ্গে তাঁর স্পষ্ট বার্তা— কোনোমতেই আত্মসমর্পণ করবে না তেহরান। এর পালটা দিয়েছেন ট্রাম্পও। ইরানি প্রেসিডেন্টের বক্তব্যকে কটাক্ষ করেছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে তিনি লিখেছেন, ‘ইরান এখন আর পশ্চিম এশিয়ায় দাদাগিরি করতে পারছে না। প্রতিবেশী দেশগুলির কাছে আত্মসমর্পণ করেছে তারা। আমেরিকা ও ইজরায়েলের নিরলস হামলার কারণেই এই আত্মসমর্পণ।’ ট্রাম্পের সংযোজন, ‘ ইরানের উপর আরও জোরদার হামলা হবে। ওদের খারাপ আচরণের জন্য কিছু এলাকা ও গোষ্ঠীকে সম্পূর্ণ ধ্বংস হতে হবে। এমন জায়গাকেও লক্ষ্য করা হবে, যেখানে আগে হামলা হয়নি। এই বিষয়ে মনোযোগী হওয়ার জন্য ধন্যবাদ।’ 

Advertisement

আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার জবাব দিতে একাধিক দেশের মার্কিন ঘাঁটিগুলিতে হামলা চালিয়েছে ইরান। এর জন্য ব্যাপক সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাদের। নির্বিবাদী দেশগুলিকেও যুদ্ধে টেনে আনার জন্য আন্তর্জাতিক মহলে নিন্দার মুখে পড়তে হয়েছে তেহরানকে। সদ্য ইরান সিদ্ধান্ত নিয়েছে প্রতিবেশী দেশগুলি থেকে আক্রমণ না হলে আর কোনো পালটা হামলা চালানো হবে না। কোনো ক্ষেপণাস্ত্রও ছোড়া হবে না। জাতীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে পেজেশকিয়ান বলেন, ‘ইরানের তরফে প্রতিবেশী দেশগুলির উপর যে হামলা হয়েছে, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।’ পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তা দিয়েছেন তিনি। বলেছেন, ‘ইরানের জনগণ কখনো আত্মসমর্পণ করবে না। যারা ইরানকে আত্মসমর্পণ করাতে চায়, তারা সেই আশা নিয়েই কবর পর্যন্ত যাবে।’  এরই মধ্যে সৌদি আরব ইরানকে সতর্ক করে বলেছে, কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হলে তার ফল ভয়াবহ হতে পারে। এরপরই শনিবার দুপুরে দুঃখপ্রকাশ করে বিবৃতি দিলেন ইরানের প্রেসিডেন্ট।

সম্পর্কিত সংবাদ