প্যারিস: ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের যুদ্ধের জেরে বিশ্বজুড়ে জ্বালানির আকাল দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে বিশেষ পদক্ষেপ নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। যুদ্ধকালীন এই পরিস্থিতিতে গ্লোবাল স্ট্যাটেজিক রিজার্ভ থেকে বাজারে তেলের জোগান দেওয়ার বিষয়ে আইইএ’র তরফে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। কী বলা হয়েছে প্রস্তাবে? সূত্রের খবর, মজুত থাকা তেল থেকে প্রথম মাসে ১০ কোটি ব্যারেলের বেশি বাজারে ছাড়ার সুপারিশ করা হয়েছে। আগামী দু’-তিন মাসে সেই তেলের পরিমাণ ৪০ কোটি ব্যারেল ছাড়াতে পারে। এর আগে ইউক্রেনে রুশ অভিযানের পর আইইএ-র সদস্য দেশগুলি সবচেয়ে ১৮ কোটি ব্যারেল তেল ছেড়েছিল। এবার সেই রেকর্ডও ছাপিয়ে যেতে পারে। গোটা বিশ্বে তেলের বাজার স্থিতিশীল রাখা ও দাম নিয়ন্ত্রণে রাখতেই জরুরি মজুত ভাণ্ডার থেকে এই রেকর্ড পরিমাণ স্টক বাজারে ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে।



