Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

সমাধান অধরাই, আমেরিকার বিরুদ্ধে এবার স্থলযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান!

মুখে বলছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চান। সেইমতো আলোচনাও চালাচ্ছেন। আবার উলটোদিকে, উপসাগরীয় অঞ্চলে ক্রমশ সেনা সমাবেশ বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সমাধান অধরাই, আমেরিকার বিরুদ্ধে এবার স্থলযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান!
  • ২৮ মার্চ, ২০২৬ ০৮:০৩
Prefer us on Google

তেহরান: মুখে বলছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চান। সেইমতো আলোচনাও চালাচ্ছেন। আবার উলটোদিকে, উপসাগরীয় অঞ্চলে ক্রমশ সেনা সমাবেশ বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জলপথে মার্কিন এলিট ফোর্সের কয়েক হাজার সেনা একাধিক রণতরীতে চেপে ইতিমধ্যেই পশ্চিম এশিয়ায় পৌঁছে গিয়েছে। আর তা দেখে বিশেষজ্ঞরা মনে করছেন, আর শুধু আকাশপথে নয়, এবার স্থলেও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে চাইছে আমেরিকা। সেই আশঙ্কাতেই পালটা প্রস্তুতি শুরু করে দিয়েছে তেহরানও। আর সেনার সংখ্যা বৃদ্ধি করতে দেশের তরুণ প্রজন্মকে টার্গেট করেছে সেদেশের সরকার। তাদের জন্য খোলা হয়েছে নিয়োগ কেন্দ্রও। এই কেন্দ্রগুলির দায়িত্বে রয়েছে ইরানের আধাসামরিক বাহিনী ‘বাসিজ’, ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) এবং ইরানি সেনা। ইরানের তরুণ প্রজন্মও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত। ফলে, নিয়োগ কেন্দ্রগুলির সামনে প্রতিদিনই ভিড় বাড়ছে। তেহরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইতিমধ্যেই ১০ লক্ষ তরুণ যোদ্ধা জোগাড় করে ফেলেছে ইরান। এখনই যদি স্থলযুদ্ধ শুরু হয়, তার জন্য এই যোদ্ধারা একেবারে প্রস্তুত। প্রয়োজনীয় প্রশিক্ষণও রয়েছে তাদের। 

Advertisement

কিছুদিন আগেই ইরানকে আলোচনার টেবলে বসানোর জন্য ১৫ দফা শর্ত দিয়েছিলেন ট্রাম্প। তা কার্যত ফুত্কারে উড়িয়ে দিয়ে পালটা শর্ত চাপিয়েছে খামেনেইয়ের দেশ। যুদ্ধ শুরুর পর প্রায় একমাস কেটে গিয়েছে। তবু দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। মিসাইল হামলার জবাব মিসাইলের মাধ্যমেই তারা দিয়েছে। সমর বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন সেনা যদি স্থলযুদ্ধে ইরান দখলের পরিকল্পনা করে সেক্ষেত্রেও তেহরান সহজে মাথা নত করবে না। আর সেটা এই বিপুল সেনা নিয়োগে স্পষ্ট।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরানের বৃহত্তম তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে ইতিমধ্যেই সেনা সমাবেশ বৃদ্ধি করা হয়েছে। সেখানে এয়ার ডিফেন্স সিস্টেমও বসিয়েছে তেহরান। ইরানি পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ বুধবার হুঁশিয়ারি দিয়েছিলেন, শত্রুপক্ষ (আমেরিকা) উপসাগরীয় অঞ্চলের একটি দেশের সাহায্যে ইরানের একটি দ্বীপ দখল করতে চাইছে। শত্রুর গতিবিধির উপর কড়া নজর রাখা হচ্ছে।
ইতিমধ্যেই জানা যাচ্ছে, রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের চেকপোস্টগুলি পাহারা দেওয়ার জন্য ১২ বছরের শিশুদেরও নিয়োগ করছে আইআরজিসি। বাহিনীর মুখপাত্র রাহিম নাদালি জানিয়েছেন, শিশুদের ভলান্টিয়ার হিসাবে কাজে লাগানো হচ্ছে। চেকপোস্টের পাশাপাশি রাস্তা ও অন্য গুরুত্বপূর্ণ তাদের মোতায়েন করা হচ্ছে। ১২ বছরের শিশুদের যাতে কাজে লাগানো যায়, তার জন্য প্রয়োজনীয় আইনও বদলানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ