মুম্বই: ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। সব পরিকল্পনা মাফিক চললে ১৬ মে থেকে শুরু হতে চলেছে আইপিএলের বাকি ম্যাচগুলি। আগামী ১ জুন ফাইনালের সম্ভাবনা। বিসিসিআই-এর সূত্র উদ্ধৃত করে এমনই জানিয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। তবে কলকাতাবাসীর জন্য একটি দুঃসংবাদ রয়েছে। এবার ইডেন গার্ডেন্সে এই কোটিপতি লিগের ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু আদৌ তা হবে কি না, তা নিয়ে ঘোর সংশয় দেখা দিয়েছে। এর কারণ হল বর্ষা। এখন গোটা বিষয়টি নির্ভর করছে আবহাওয়ার গতিপ্রকৃতির উপরে। বিসিসিআইয়ের তরফে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ম্যাচের পরিবর্তীত শিডিউল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির আবহে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আইপিএল। গত বৃহস্পতিবার ধরমশালায় ভেস্তে গিয়েছিল পাঞ্জাব-দিল্লি ম্যাচ। নিরাপত্তার কথা মাথায় রেখে মাঝপথে খেলা বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে অনির্দিষ্ট কালের জন্য টুর্নামেন্ট বন্ধ রাখার কথা ঘোষণা করে বিসিসিআই। এদিকে, এখনও আইপিএলের ফাইনাল সহ মোট ১৬টি ম্যাচ বাকি আছে। বাকি ম্যাচের কি হবে, তা নিয়ে জটিলতা দেখা দিয়েছিল। কিন্তু শনিবার ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণায় আশার আলো দেখছেন বোর্ডের কর্তারা। সূত্রের খবর, বাকি ম্যাচগুলির ভেন্যু বদল হতে পারে। লখউন বনাম বেঙ্গালুরু ম্যাচের মাধ্যমে পুনরায় শুরু হতে পারে থমকে যাওয়া টুর্নামেন্ট।
বোর্ড সূত্রে পাওয়া খবর অনুযায়ী, হায়দরাবাদে অনুষ্ঠিত হবে আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর। দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে কলকাতায়। ৩০ মে অথবা ১ জুন ফাইনাল কলকাতাতে হবে বলে আপাতত ঠিক আছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে আবহাওয়ার উপরে। সে সময় বৃষ্টির কারণে ম্যাচে বিঘ্ন ঘটার কোনও সম্ভাবনা দেখা দিলে ফাইনাল ম্যাচ আমেদাবাদে সরিয়ে নেওয়া হতে পারে। বিসিসিআইয়ের তরফে ম্যাচের নতুন নির্ঘণ্ট প্রকাশ করার পরেই গোটা বিষয়টি স্পষ্ট হবে।