নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্প্রতি সরকারের কাছে সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে পর্যটন শিল্পে। এমনই দাবি করলেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। বণিকসভা আইসিসি আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, সম্প্রতি শহরে পর্যটন ক্ষেত্রে ইনভেস্টমেন্ট সামিটের আয়োজন করা হয়েছিল। সেখানে মোট ১২ হাজার ৬৩৪ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। এর হাত ধরে প্রায় ২২ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে। রাজ্য সরকার সরাসরি পরিকাঠামো উন্নয়নে আড়াই হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগের আশা করছে। এর মধ্যে ২০২৬-২৭ অর্থবর্ষে ৫০০ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে, যাতে রাজ্যের পর্যটন গন্তব্যগুলিকে বিশ্বমানের গড়ে তোলা যায়। পর্যটন দপ্তরের দায়িত্বে থাকা অতিরিক্ত মুখ্যসচিব বরুণ রায় বলেন, মহারাষ্ট্রের পর পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বিদেশি পর্যটক এসেছেন, এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় তথ্য। ইতিমধ্যেই দার্জিলিং ও সুন্দরবনকে আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হিসাবে গড়ে তুলতে অর্থ বরাদ্দ করছে কেন্দ্র, জানিয়েছেন তিনি।



