শ্রীনগর: জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের কমান্ডার ইমতিয়াজ আহমেদ কান্ডুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছে ইন্টারপোল। শনিবার এমনটাই জানিয়েছে কাশ্মীরের স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি (এসআইএ)। প্রশাসন সূত্রে খবর, ২০১৩ সালে তারজু জঙ্গি হামলায় নাম জড়িয়েছিল ইমতিয়াজ ওরফে ফায়েজ ওরফে সাজাদের। ওই ঘটনায় জম্মু-কাশ্মীর পুলিশের চার সদস্য প্রাণ হারান। প্রাথমিকভাবে তারজো থানায় মামলা দায়ের হয়। ২০২৪ সালে তদন্তভার নেয় এসআইএ। দায়রা আদালতে চার্জশিট জমা দেয় এজেন্সি। তাতে ৬ জনের নাম উল্লেখ করা হয়েছিল। এরমধ্যে এনকাউন্টারে মৃত্যু হয়েছে দুই অভিযুক্তের। মূল অভিযুক্ত সোপোরের বাসিন্দা ইমতিয়াজ পাকিস্তানে পালিয়ে যায় বলে খবর। ২০১০ সাল থেকেই সে পাক জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত। ২০২২ সালের অক্টোবরে তাকে ঘোষিত জঙ্গির তালিকায় যুক্ত করে ভারত সরকার। তারজু ছাড়াও অন্তত ১০টি জঙ্গি হামলার মামলায় নাম রয়েছে ইমতিয়াজের।



